স্ট্যান্ডার্ড চার্টার্ডের ‘লিভিং ইসলাম’র চতুর্থ সেশন
স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিক মালয়েশিয়ার শরিয়াহ কমিটির সদস্য মুফতি ইউসুফ সুলতান এবারের সেশনের আয়োজনে নেতৃত্ব দেন
স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিক বাংলাদেশ সম্প্রতি ব্যাংকে ‘লিভিং ইসলাম’র চতুর্থ সেশন আয়োজন করেছে যার বিষয়বস্তু ছিল ‘সম্পদ অর্জন, সঞ্চয় ও বণ্টনে ইসলামিক দৃষ্টিভঙ্গী’।
মঙ্গলবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিক বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক ইসলামী ব্যাংকিং পরিষেবা। দীর্ঘ ১৮ বছর ধরে স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিক বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পরিবর্তন ও উদ্ভাবনের অগ্রণী ভূমিকা পালন করছে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিকের লিভিং ইসলাম অত্যন্ত প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ইসলামিক স্কলারস ও বিশেষজ্ঞদের সঙ্গে ক্লায়েন্ট, রেগুলেটর ও অন্যান্য স্টেকহোল্ডারদের মধ্যকার সংযোগ সহজতর করে।”
এতে আরও বলা হয়, “স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিক মালয়েশিয়ার শরিয়াহ কমিটির সদস্য মুফতি ইউসুফ সুলতান এবারের সেশনের আয়োজনে নেতৃত্ব দেন। তিনি একজন প্রখ্যাত স্কলার হওয়ার পাশাপাশি ইসলামিক ফাইন্যান্স ও ব্যাংকিং বিশেষজ্ঞ হিসেবেও সুপরিচিত।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ’র সিইও নাসের এজাজ বিজয়, স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর ইসলামিক ব্যাংকিং বিভাগের সিইও ও হেড অব গ্রুপ ইসলামিক প্রোডাক্ট খুররাম হিলাল এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ইউএই-এর হেড অব ইসলামিক ব্যাংকিং ও গ্রুপ ইসলামিক ব্যাংকিং-এর হেড অব কনজ্যুমার, প্রাইভেট অ্যান্ড বিজনেস ব্যাংকিং আলী আল্লাওয়ালা।
অনুষ্ঠানে মুফতি ইউসুফ সুলতান ইসলামিক দৃষ্টিভঙ্গিতে আর্থিক বিষয়গুলো বোঝার ও সম্পাদনের গুরুত্ব তুলে ধরেন। সম্পদ অর্জন ও বণ্টনের ক্ষেত্রে এবং সাম্প্রদায়িক কল্যাণে মুসলমানদের দায়বদ্ধতা সম্পর্কেও তিনি আলোচনা করেন।
মুফতি ইউসুফ বলেন, “ধন-সম্পদের চূড়ান্ত মালিক হলেন আল্লাহ। মানুষ শুধুমাত্র সেসবের দেখভালকারী। তাই একজন মুমিনকে অবশ্যই ইসলামের শিক্ষা মেনে চলতে হবে এবং ইসলামের আলোকে সম্পদ উপার্জন ও ব্যয় করতে হবে। ইসলাম পরিশ্রমের মাধ্যমে (চাকরি, ব্যবসা) সম্পদ উপর্জনে উৎসাহিত করে এবং অলসতাকে কখনোই সমর্থন করে না।”
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রাইভেট অ্যান্ড বিজনেস ব্যাংকিং বিভাগের হেড অব কনজিউমার সাব্বির আহমেদ বলেন, “বাংলাদেশে ইসলামিক ফাইন্যান্সের প্রয়োজনীয়তা ও চাহিদা ক্রমবর্ধমান। শরিয়াহ মোতাবেক আর্থিক লেনদেন সম্পাদনে ইসলামী ব্যাংকিং ইতিবাচক প্রভাব ও ভূমিকা পালন করবে। আমরা সারা জীবন ধরে সম্পদ উপার্জন ও সঞ্চয় করি। তবে অভাবী ও হতদরিদ্রের মাঝে সেই সম্পদ পর্যপ্ত পরিমাণে বণ্টনও করতে হয়।”
