২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অর্থনৈতিক স্থবিরতা’র মধ্যেও তৃতীয় প্রান্তিকে আয় বাড়ার খবর দিল গ্রামীণফোন

গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, “জাতীয় নির্বাচন সামনে রেখে বাংলাদেশের অর্থনীতি সাময়িকভাবে গতি পেতে পারে, কারণ বাজারের সামগ্রিক কার্যক্রমে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে।”

বিডিনিউজ২৪

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2025, 08:46 PM

Updated : 26 Aug 2026, 02:33 PM

দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে মোট ৪ হাজার ১০০ কোটি টাকা আয় করার খবর দিয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৪ শতাংশ বেশি। 

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন বলেছে, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক শেষে তাদের মোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৫৬ লাখে। বর্তমানে মোট গ্রাহকের ৫৯ দশমিক ৮ শতাংশ অর্থাৎ ৫ কোটি ১২ লাখ গ্রাহক ইন্টারনেট ব্যবহার করছেন। 

গ্রামীণফোনের চিফ ফাইন্যান্সিয়্যাল অফিসার (সিএফও) অটো মাগনে রিসব্যাক বলেন, “সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি এখনো স্থবির এবং বাজারজুড়ে প্রবৃদ্ধি আমাদের প্রত্যাশার তুলনায় ধীর। তবুও এ প্রান্তিকে আমাদের আর্থিক ফলাফল আশাব্যঞ্জক। 

“আয়ের ক্ষেত্রে বলতে পারি, টানা চার প্রান্তিকের পতনের পর এবার গত বছরের একই সময়ের তুলনায় আমাদের আয় শূন্য দশমিক ৬ বিলিয়ন (৬০ কোটি) টাকা বা ১ দশমিক চার শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই প্রান্তিকে আমাদের ব্যয় মাত্র ১ শতাংশ বেড়েছে, যেখানে মুদ্রাস্ফীতি এখনো ৮ শতাংশের ওপরে।”

আয় বাড়লেও নানা কারণে কর পরবর্তী মুনাফা প্রভাবিত হয়েছে জানিয়ে গ্রামীণফোনের সিএফও বলছেন, “এ প্রান্তিকে ইবিআইটিডিএ (কর ও অন্যান্য খরচ পূর্ব আয়) ১ দশমিক ৭ বৃদ্ধি পেয়েছে, যা আয়ের প্রবৃদ্ধির চেয়ে বেশি। যদিও উচ্চতর অবচয় ও এমোর্টাইজেশন খরচ এবং নতুন সাইট স্থাপন ও ছাদের লিজ বাবদ খরচ বৃদ্ধির কারণে মোট কর পরবর্তী মুনাফা (এনপিএটি) কিছুটা প্রভাবিত হয়েছে। তবুও আমাদের এনপিএটি মার্জিন শক্তিশালী অবস্থানে রয়েছে, যা ১৮ দশমিক ৭ শতাংশ।”

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলছেন, “বর্তমানে আমরা আশাবাদ এবং অন্তর্নিহিত চ্যালেঞ্জের একটি মিশ্র চিত্র দেখতে পাচ্ছি। জাতীয় নির্বাচন সামনে রেখে বাংলাদেশের অর্থনীতি সাময়িকভাবে গতি পেতে পারে, কারণ বাজারের সামগ্রিক কার্যক্রমে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে।”

তিনি বলেন, “আমরা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে ভবিষ্যতের পথে এগোচ্ছি এবং সেই ভবিষ্যৎ হবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর। ধাপে ধাপে ফাইভজি বাস্তবায়নের পাশাপাশি আমরা নেটওয়ার্ক অপারেশন, গ্রাহক অভিজ্ঞতা ও দক্ষতা উন্নয়নে এআই-চালিত উদ্যোগে প্রয়োজনীয় বিনিয়োগ ও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।”