বন্যা দুর্গতদের অনুদান নগদে দেওয়ার সুযোগ
নগদের নির্দিষ্ট মার্চেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে সরকারের ত্রাণ তহবিলে যত খুশি তত অনুদান দেওয়া যাবে।
দেশব্যাপী ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের ত্রাণ তহবিলে অনুদান নিতে বিশেষায়িত অ্যাকাউন্ট চালু করেছে মোবাইল আর্থিক সেবা সংস্থা নগদ।
নগদের +৮৮০১৮৮৬৯৬৯৮৫৯ মার্চেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে সরকারের ত্রাণ তহবিলে যত খুশি তত অনুদান দেওয়া যাবে।
সরকারের নির্দেশনায় এই অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে নগদ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নগদ অ্যাপ ব্যবহার করে সহজেই যে কেউ অনুদান দিতে পারবেন। এছাড়া *১৬৭# নম্বরে ডায়াল করেও গ্রাহকরা এই নম্বরে অনুদান দিতে পারবেন। অনুদান হিসেবে জমা দেওয়া অর্থ সরাসরি সরকারের তহবিলে জমা হয়ে যাবে।
নগদের মাধ্যমে আস-সুন্নাহ ফাউন্ডেশন, মাস্তুল, সাজিদা ফাউন্ডেশন, অভিযাত্রিকসহ বিভিন্ন দাতব্য সংস্থা বন্যার্তদের জন্যে অনুদান সংগ্রহ করছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ভারত থেকে নেমে আসা ঢল এবং অতিবৃষ্টির পানিতে তলিয়ে গেছে দেশের পূর্বাঞ্চলের কয়েকটি জেলা। এরমধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনী। এ জেলার কিছু এলাকা এখনও পানির নিচে। সেসব এলাকায় নিত্যপ্রয়োজনীয় জিনিসসহ খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে।
