১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আরো ৫৮ হাজার টন গম এল যুক্তরাষ্ট্র থেকে

এর আগে দুই চালানে এসেছে ১ লাখ ১৪ হাজার ৯৩ টন গম।

আরো ৫৮ হাজার টন গম এল যুক্তরাষ্ট্র থেকে
ছবি: খাদ্য মন্ত্রণালয়

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2026, 07:55 PM

Updated : 26 Aug 2026, 02:50 PM

যুক্তরাষ্ট্র থেকে ৫৮ হাজার ৩৫৯ টন গম নিয়ে এমভি ডব্লিউএফ আর্টেমিস নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভিড়েছে।

শনিবার খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যকার সমঝোতা স্মারকের (এমওইউ) ভিত্তিতে নগদ ক্রয় চুক্তির আওতায় এই গম আমদানি করা হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চুক্তির আওতায় মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে এটি তৃতীয় চালান। এর আগে দুই চালানে মোট ১ লাখ ১৪ হাজার ৯৩ টন গম দেশে এসেছে।

যুক্তরাষ্ট্র থেকে গমের প্রথম চালান আসে গেল ২৫ অক্টোবর। সেবার আসে প্রায় ৫৭ হাজার টন গম। 

প্রায় সম পরিমাণ গম নিয়ে দ্বিতীয় চালানটি আসে গত ১৯ জানুয়ারি। দুটি লাইটারেজ জাহাজে করে ওই চালানের গম খালাস শুরু হয় সোমবার। 

এ উপলক্ষে সেদিন চট্টগ্রাম বন্দরে খাদ্য বিভাগের সাইলো জেটিতে অনুষ্ঠান আয়োজন করা হয়, যেখানে ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনও উপস্থিত ছিলেন। 

তৃতীয় চালানের গম বহনকারী এমভি ডব্লিউএফ আর্টেমিস জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে।

বাণিজ্য ঘাটতি মেটাতে গত বছর জুলাই মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সরকারের এমওইউ সই হয়, যার মেয়াদ পাঁচ বছর। 

আরো পড়ুন

'যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের গম আমদানি গুরুত্বপূর্ণ পদক্ষেপ'