সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন আনল গ্রামীণফোন-আইটেল
স্মার্টফোনটিতে রয়েছে বড় এইচডি প্লাস ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট। ৪ ও ১২৮ জিবি স্টোরেজের সঙ্গে ফোনটি আইপি-৫৪ রেটেড, ফলে এটি হয়ে উঠেছে পানি ও ধুলা প্রতিরোধী।
সাশ্রয়ী দামে বিভিন্ন ব্যবহারিক সুবিধা নিয়ে ‘আইটেল এ ৮০’ স্মার্টফোন বাজারে এনেছে আইটেল ও গ্রামীণফোন।
স্মার্টফোনটিতে রয়েছে বড় এইচডি প্লাস ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট। ৪ ও ১২৮ জিবি স্টোরেজের সঙ্গে ফোনটি আইপি-৫৪ রেটেড, ফলে ফোনটি হয়ে উঠেছে পানি ও ধুলা প্রতিরোধী।
ঢাকায় জিপি হাউসে সম্প্রতি উদ্বোধন করা স্মার্টফোনটির দাম ধরা হয়েছে ৯ হাজার ৯৯০ টাকা।
বুধবার গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইটেলের সহযোগে উদ্ভাবনী একটি ‘কো-ব্র্যান্ডেড’ স্মার্টফোন এনেছে বেসরকারি এ মোবাইল অপারেটর কোম্পানি। স্বল্প দামে ব্যবহারিক নানা সুবিধার সঙ্গে ফোনটিতে ৫ হাজার মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি দেবে দীর্ঘক্ষণ চার্জ ব্যাকাপ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্মার্টফোনটির সঙ্গে রয়েছে এক্সক্লুসিভ ইন্টারনেট অফার। মাইজিপি অ্যাপের মাধ্যমে একবারের জন্য সাত দিন মেয়াদে ৫ জিবি ফ্রি ইন্টারনেট পাওয়া যাবে। এ ছাড়া প্রতি মাসে ৯৯ টাকায় সাত দিন মেয়াদে ১০ জিবি এবং ২৯৮ টাকায় ৩০ দিন মেয়াদি ৪০ জিবি ইন্টারনেট প্যাক কিনতে পারবেন গ্রাহকরা। ডিভাইসটি চালু হওয়ার পর থেকে ছয় মাস পর্যন্ত গ্রাহকরা এই দুইটি অফার যতবার খুশি নিতে পারবেন। ডিভাইসটি সারা দেশের গ্রামীণফোন সেন্টার ও আইটেল রিটেইল চ্যানেলে পাওয়া যাচ্ছে।
উদ্বোধন অনুষ্ঠানে গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান, সিপিও সোলায়মান আলম, সিএমও ফারহা নাজ জামান, আইস্মার্টইউ টেকনোলজি বিডি লিমিটেডের সিইও রেজওয়ানুল হক উপস্থিত ছিলেন।
সিইও ইয়াসির আজমান বলেন, “আইটেলের সঙ্গে এই পার্টনারশিপ স্মার্টফোনকে আরও সাশ্রয়ী ও সহজলভ্য করার মাধ্যমে ডিজিটাল বৈষম্য দূর করার লক্ষ্যে আমাদের একাগ্রতার প্রতিফলন। অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ভবিষ্যৎ গড়তে এটি একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।”
সিইও রেজওয়ানুল হক বলেন, “গ্রামীণফোনের সঙ্গে আমাদের এই পার্টনারশিপ বাংলাদেশের গ্রাহকদের কাছে উদ্ভাবনী ও সাশ্রয়ী প্রযুক্তি পৌঁছে দিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমাদের উভয় কোম্পানির একটি সাধারণ লক্ষ্য হচ্ছে গ্রাহকদের হাতে মানসম্মত স্মার্টফোন পৌঁছে দিয়ে তাদের ক্ষমতায়ন নিশ্চিত করা; আইটেল এ৮০ স্মার্টফোনটির উন্মোচন এরই প্রতিফলন।”
