২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণ গুঁড়া মশলা ও শেফ ফেডারেশনের চুক্তি সই

বুধবার বাড্ডায় প্রাণ গ্রুপের প্রধান কার্যালয়ে এ চুক্তি সই হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2024, 05:26 PM

Updated : 26 Aug 2026, 10:22 AM

দেশের রন্ধন শিল্পকে আরো সমৃদ্ধ করতে শেফ ফেডারেশন বাংলাদেশের সঙ্গে চুক্তি সই করেছে গুঁড়া মশলার ব্র্যান্ড ‘প্রাণ গুড়া মশলা’। 

বুধবার রাজধানীর বাড্ডায় প্রাণ গ্রুপের প্রধান কার্যালয়ে এ চুক্তি সই হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

প্রাণ গুঁড়া মশলার নির্বাহী পরিচালক নাসের আহমেদ এবং শেফ ফেডারেশন বাংলাদেশের পক্ষে সংগঠনটির সভাপতি হাবিবুর রহমান জহির চুক্তিনামায় সই করেন। 

চুক্তি নিয়ে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল বলেন, “বর্তমানে দেশে ও বিদেশে শেফ ফেডারেশন প্রায় ৩৬ হাজার সদস্য রয়েছে। আমরা বিশ্বাস করি, এ চুক্তির মাধ্যমে তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেশের রন্ধন শিল্পকে এগিয়ে নেবে। 

“তাদের পরামর্শে দেশের ভোক্তারা বৈশ্বিক মানের গুড়া মশলা পাবেন। পাশাপাশি বিদেশেও গুড়া মশলার রপ্তানি বৃদ্ধি পাবে।”

হাবিবুর রহমান জহির বলেন, “শেফ ফেডারেশনের সদস্যরা মানুষের চাহিদা অনুযায়ী রেসিপি নিয়ে দেশের রন্ধন শিল্পকে সমৃদ্ধ করতে কাজ করছে। এছাড়া চুক্তির মাধ্যমে এ সেক্টরে যেন আরও ভালো মানের রন্ধন শিল্পী উঠে আসে সেজন্য দুপক্ষ কাজ করবে।”   

চক্তি সই অনুষ্ঠানে প্রাণ গুড়া মশলার হেড অব মার্কেটিং আলমগীর কবির এবং শেফ ফেডারেশনের সাধারণ সম্পাদক বোরহান খানসহ সংগঠনটির অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।