২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সর্বজনীন পেনশনের কিস্তি দেওয়া যাবে সিটি ব্যাংকে

জাতীয় পেনশন কর্তৃপক্ষের সঙ্গে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে সমঝোতা চুক্তি করেছে বেসরকারি সিটি ব্যাংক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2023, 04:10 PM

Updated : 14 Dec 2023, 04:10 PM

এখন থেকে সিটি ব্যাংকের ডিজিটাল লেনদেন পদ্ধতি ব্যব্হার করে দেশের নাগরিক ও প্রবাসীরা সর্বজনীন পেনশনের মাসিক কিস্তি জমা দিতে পারবেন।

সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে জাতীয় পেনশন কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে সিটি ব্যাংক কর্তৃপক্ষ।

এক বিজ্ঞপ্তিতে সিটি ব্যাংক জানিয়েছে, কয়েক দিন আগে ঢাকার একটি হোটেলে জাতীয় পেনশন কর্তৃপক্ষের চেয়ারম্যান কবিরুল ইজদানী খান এবং সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন একটি সমঝোতা স্মারকে সই করেন।

এই চুক্তির ফলে বেসরকারি ব্যাংক হিসেবে সিটি ব্যাংক এই সেবা চালু করতে যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে সিটি ব্যাংক বলছে, এই চুক্তির আওতায় সর্বজনীন পেনশন স্কিমের মাসিক কিস্তি আদায়সহ দেশে ও বিদেশে এর যাবতীয় প্রচার কাজে জাতীয় পেনশন কর্তৃপক্ষের সহযোগী হিসেবে সিটি ব্যাংক কাজ করবে।

পেনশন স্কিমের ওয়েবসাইটে সিটি ব্যাংকের ইন্টারনেট পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে অ্যামেক্স, ভিসা ও মাস্টারকার্ড দিয়ে পেনশন স্কিমের কিস্তি পরিশোধ করা যাবে। এছাড়া দেশে ‘সিটিটাচ ও সিটি-লাইভ’ ডিজিটাল ব্যাংকিং অ্যাপ এবং প্রবাস থেকে ‘সিটি-রেমিট’ অ্যাপ ব্যবহার করে প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন স্কিমের মাসিক কিস্তি জমা দিতে পারবেন।

সিটি ব্যাংক শিগগিরই দেশের মধ্যে এবং বিদেশে বিশেষ করে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে  সর্বজনীন পেনশন স্কিমকে জনপ্রিয় করতে সব ধরনের পদক্ষেপ নেবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য মো. গোলাম মোস্তফা, সিটি ব্যাংকের ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ, ব্যাংকের মালয়েশিয়ান সাবসিডিয়ারি রেমিটেন্স কোম্পানির সিইও সাইদুর রহমান ফারাজী ও হেড অব কর্পোরেট ক্যাশ ম্যানেজমেন্ট তাহসিন হক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।