Published : 01 Sep 2025, 11:53 PM
একই দিনে বাণিজ্যিকভাবে ফাইভ জি সেবা চালুর ঘোষণা দিয়েছে দেশের শীর্ষ দুই মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ও রবি। তারা জানিয়েছে, আপাতত শহরকেন্দ্রিক হলেও অতিদ্রুত ফাইভ জি সেবা সম্প্রসারণের কাজ চলছে।
দুটো কোম্পানিই বলছে, ফোর জি প্যাকেজের দামেই গ্রাহকেরা ফাইভ জির দ্রুত গতির ইন্টারনেট পাবেন। এজন্য তাদের লাগবে ফাইভ জি সাপোর্টেড হ্যান্ডসেট। বর্তমান ফোর জি ব্যবস্থায় ইন্টারনেটের যে গতি তার চেয়ে ১০ থেকে ১৫ গুণ গতি পাওয়া যাবে ফাইভ জিতে।
আটটি বিভাগীয় শহরে ফাইভ জি সেবা চালুর ঘোষণা দিয়েছেন গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান। তিনি বলছেন, “বিভাগীয় শহরে ফাইভজি সেবা চালু করতে পেরে গর্বিত গ্রামীণফোন, যা দেশের মানুষের হাতে পৌঁছে দেবে রূপান্তরমূলক প্রযুক্তি।”
আর তিনটি বিভাগের সাতটি জায়গায় ফাইভ জি চালুর কথা জানিয়ে রবির চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার শাহেদুল আলম বলছেন, “আজকে আমরাই প্রথম কমার্শিয়ালি ফাইভ জি লঞ্চ করলাম। এর আগে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল।
“ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বেশ কিছু জায়গায় যেখানে আমরা দেখেছি ফাইভ জি ডিভাইস পেনিট্রেশনটা বেশি এবং আশপাশে কিছু ক্রিটিকাল ইনফ্রাস্ট্রাকচার আছে যেখানে ফাইভ জি লঞ্চ করলে আমরা বেনিফিটটা ছড়িয়ে দিতে পারবো এমন সাতটা জায়গায় ফাইভ জিটা লঞ্চ করলাম।”
তিনি বলেন, “এরপর থেকে প্রতি কয়েকদিন পরপরই কিছু কিছু করে এলাকায় ফাইভ জি চালু করতে থাকবো। আমরা আশা করছি নভেম্বরের মধ্যে আমরা দুইশর বেশি সাইটে ফাইভ জি লঞ্চ করতে পারব।
“একটা নীতি আমরা নিয়েছি যেখানে ফাইভ জি সাপোর্টেড মোবাইল হ্যান্ডসেটের সংখ্যা বেশি, মানে ১৫ থেকে ২০ শতাংশ হলেই, যদি ক্রিটিকাল ইনফ্রাস্ট্রাকচার থাকে, ইউজ কেস (ব্যবহার) থাকে তাহলে রুরাল বা আরবান হোক আমরা সেখানে ফাইভ জি নিয়ে যাব।”
দাম এখনি বাড়ছে না
দুটো অপারেটরই বলেছে, যেসব জায়গায় ফাইভ জি সেবা আছে সেখানকার গ্রাহকেরা কোনরকম বাড়তি দামের মুখোমুখি হবেন না। শুধু গতি বেড়ে যাবে, তাতে ডেটা ফুরাবে দ্রুত।
রবির কর্মকর্তা শাহেদুল আলম বলছেন, “ডেটার দাম এখনি পরিবর্তন হচ্ছে না। নরমাল যারা ডেটা ইউজ করবেন সেই গ্রাহকেরা ফোর জির দামেই ফাইভ জি গতি পেয়ে যাবেন। আলাদা কোনো প্যাকেজ কেনা লাগবে না। পরবর্তীতে ইউজ কেসের ক্ষেত্রে যারা অ্যাপ বা বিশেষ সার্ভিস নেবেন তাদের ক্ষেত্রে চার্জ অ্যাড হতে পারে।
“যার ফাইভ জি সাপোর্টেড হ্যান্ডসেট আছে এবং তিনি যদি ফাইভ জি কাভারেজ এলাকায় থাকেন তাহলে অটোমেটিক তিনি ওই সেবাটা পাবেন। গ্রাহক হয়তো বুঝতেই পারবেন না, শুধু ইন্টারনেটের স্পিডটা বেড়ে যাবে অনেকখানি।”
বাড়তি চার্জ দিতে হবে না জানিয়ে গ্রামীণফোনের হেড অব এক্সটার্নাল কমিউনিকেশন আংকিত সুরেকা বলছেন, “ফাইভ জি সেবার জন্য গ্রাহেকদের বাড়তি চার্জ দিতে হবে না। এটা হবে শুধু টেকনোলজি আপগ্রেডেশন হচ্ছে। যে প্যাক কেনা আছে তাতেই গ্রাহকেরা ফাইভ জি স্পিড পাবেন।”
গতি কেমন
ফাইভ জিতে ইন্টারনেটের গতি কেমন হতে পারে জানতে চাইলে গ্রামীণফোনের কর্মকর্তা আংকিত সুরেকা বলেন, “আজকে আমরা আমাদের অফিসে ৫৫১ এমবিপিএস পর্যন্ত ডাউনলোড স্পিড আর ৬৪ এমবিপিএস পর্যন্ত আপলোড স্পিড পেয়েছি।”
রবিতে গ্রাহকেরা গড়পরতা কীরকম গতি পাবেন জানতে চাইলে শাহেদ আলম বলেন, “আমরা আজকে ঢাকার মগবাজার, আমাদের অফিস (তেজগাঁও) এবং চট্টগ্রামের খুলশীতে যেটা দেখেছি যে ৬২২ এমবিপিএস পর্যন্ত স্পিড উঠেছে। এটা ডিপেন্ড করবে ইউজার কতো জন আছেন, ইউজার কত ডিস্টেন্সে (টাওয়ার থেকে) আছেন লোকেশন ইত্যাদির ওপর।
“এখন ফোর জিতে ১০ থেকে ১৫, ২০ বা কোথাও ৩০ এমবিপিএস পর্যন্ত গতি পাওয়া যায়। ফাইভ জিতে ৭০-৮০ থেকে শুরু করে লোকেশন ভেদে ১০০ থেকে ২২০ এমবিপিএস পর্যন্ত গতি পাবেন গ্রাহকরা।”