Published : 14 Jun 2026, 01:06 AM
ব্যবসা সংক্রান্ত নিয়ম-কানুন সহজ করতে একটি বিশেষ টাস্কফোর্স গঠনের উদ্যোগের কথা বলেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘বাণিজ্য প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনীতি সম্মেলন ২০২৬’ এ বক্তব্য রাখছিলেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।
এ টাস্কফোর্সে গঠিত হলে দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ আরও সুদৃঢ় হবে আশা প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সরকারের সংস্কার কর্মসূচির অংশ হিসেবে ব্যবসা-সংক্রান্ত নিয়মকানুন সহজীকরণ বা ‘ডি-রেগুলেশন’ কার্যক্রম তদারকি করতে এটি গঠন করা হবে।
বর্তমান আর্থিক ব্যবস্থা পুরোপুরি ব্যাংক ঋণের ওপর নির্ভরশীল হওয়ায় তা ব্যবসার প্রবৃদ্ধি বাধাগ্রস্ত করছে এবং অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করছে বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী।
এজন্য বড় বিনিয়োগের ক্ষেত্রে সরাসরি পুঁজিবাজার থেকে মূলধন ও ঋণ সংগ্রহের ওপর জোর দেন তিনি।
বাংলাদেশকে পুঁজিবাজারের দিকে অগ্রসর হওয়ার বিকল্প না থাকার কথা তুলে ধরে তিনি বলেন, “উচ্চ সুদের হার, স্বল্পমেয়াদী আমানত এবং দীর্ঘমেয়াদী অর্থায়নের অসামঞ্জস্যতা কারও জন্যই মঙ্গলজনক নয়। ব্যাংকের জন্য নয়, গ্রাহকদের জন্যও নয়।”
বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সরকারি আর্থিক কাঠামো পুনর্গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরে আমির খসরু বলেন, “বিশ্বজুড়ে অর্থায়নের প্রবাহে পরিবর্তন এসেছে এবং বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক উৎস থেকে ঋণের খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশ্বজুড়ে বিনিয়োগের খরচ বাড়ছে। এমনকি যেসব বহুপাক্ষিক ঋণদাতা আগে ১ শতাংশের নিচে ঋণ দিত, তাদের সুদের হারও এখন ১ থেকে ২ শতাংশ ছাড়িয়ে গেছে।”
সম্মেলনের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি উপস্থিত দেশি-বিদেশি অতিথিদের সামনে বাংলাদেশের ভবিষ্যতমুখী অর্থনৈতিক কূটনীতির রূপরেখা তুলে ধরেন।
বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা, চলমান সংস্কার কর্মসূচি এবং আন্তর্জাতিক অংশীদারদের জন্য বিদ্যমান সুযোগগুলো নিয়ে উপস্থাপন করেন।
উদ্বোধনী অধিবেশন সঞ্চালনা করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
এছাড়া বিভিন্ন অধিবেশনে অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা, প্রবাসী কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান ।