২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক মাসেই ‘অনেক পরিবর্তন’ দেখছেন বিমানের এমডি

বিমানের এমডি বলেন, “সবাইকে নিয়ম মেনে কাজ করতে হবে। দুর্নীতি করে কেউ পার পাবে না।”

এক মাসেই ‘অনেক পরিবর্তন’ দেখছেন বিমানের এমডি
দেশের এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন এটিজেএফবির নেতারা বুধবার বিমানের এমডি ও সিইও সফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2024, 06:46 PM

Updated : 26 Aug 2026, 10:44 AM

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেবায় এক মাসেই অনেক পরিবর্তন এসেছে বলে দাবি করেছেনর সংস্থাটির এমডি এবং সিইও সফিকুর রহমান। 

বুধবার দেশের এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন এটিজেএফবির নেতারা সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এ কথা বলেন। 

গত ৪ সেপ্টেম্বর বিমানের এমডি ও সিইও হিসেবে নিয়োগ পান চার বছর আগে অবসরে যাওয়া সফিকুর।

এর মধ্যেই বিমানের সেবার ক্ষেত্রে পরিবর্তন এসেছে জানিয়ে তিনি বলেন, “ওটিপি (অনটাইম পারফর্মেন্স) গত মাসের তুলনায় অনেক পরিবর্তন হয়েছে। কেবিন ক্রু থেকে শুরু করে সব বিভাগেই কঠোরভাবে নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে।”

ওটিপি হচ্ছে এভিয়েশন খাতের সময়ানুবর্তিতার একটি মাপকাঠি। মোট ফ্লাইটের মধ্যে কতগুলো ঠিক সময়ে ছেড়ে গেল তা হিসাব করে ওটিপি বের করা হয়।

দুর্নীতিবাজদের বিরুদ্ধেও কঠোর বার্তা দিয়ে বিমানের এমডি বলেন, “সবাইকে নিয়ম মেনে কাজ করতে হবে। দুর্নীতি করে কেউ পার পাবে না।”

এ সময় এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার, সাধারণ সম্পাদক আব্দুল বাতেনসহ সংগঠনটির নেতারা উপস্থিত ছিলেন।