ভিত্তিহীন অভিযোগে সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা: মেঘনা গ্রুপ
“আমাদের বিশ্বাস যে কিছু অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে, যার লক্ষ্য হল বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় একটি শিল্পগ্রুপকে অস্থিতিশীল করে তোলা।”
দেশের বাইরে বিপুল পরিমাণ অর্থ পাচার বিষয়ে কিছু গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনকে ‘মিথ্যা’ এবং ‘সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা’ বলে দাবি করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলেছে, প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনীত মিথ্যা তথ্য ও অভিযোগের বিরুদ্ধে তারা দৃঢ় অবস্থান নিয়েছে। কিছু গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া পেজে প্রকাশিত সব ‘মিথ্যা দাবি’ জোরালোভাবে প্রত্যাখ্যান করার কথাও বলছে কোম্পানিটি।
এমজিআইয়ের ওয়েবসাইটে দেওয়া এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক বিবৃতির কথা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, “সম্প্রতি কিছু সংবাদমাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে আমাদের সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে প্রকাশিত কিছু বিভ্রান্তিমূলক প্রতিবেদন আমাদের নজরে এসেছে। এমজিআই থেকে আমরা এসব অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি এবং দৃঢ় বিশ্বাসের সাথে বলছি যে, যে কোনো স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত- সেটি দেশি হোক অথবা আন্তর্জাতিক পর্যায়ের, আমাদের সকল প্রচলিত আইন ও নিয়মকানুন মেনে চলার বিষয়টিই পুনর্ব্যাক্ত করবে।”
কোম্পানিটি অভ্যন্তরীণ শাসনব্যবস্থা কঠোরভাবে অনুসরণ করে দাবি করে ওই বিবৃতিতে বলা হয়, “আমাদের নিয়মিত নিরপেক্ষ অডিট সম্পন্ন হয়ে থাকে। আমরা দৃঢ়তার সাথে বলতে পারি যে নিরপেক্ষ তদন্ত হলে আমাদের বিরুদ্ধে কোনো ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া যাবে না।”
এতে আরও বলা হয়, “আন্তর্জাতিক অঙ্গনে আমাদের গ্রহণযোগ্যতার জন্যই আমরা আইএফসি-এর সাথে একাধিক অর্থায়ন এবং ডিইজি, এফএমও ও অন্যান্য উন্নয়ন সহযোগী আর্থিক প্রতিষ্ঠানের সাথে যৌথ ঋণের চুক্তিতে আসতে পেরেছি। এসব প্রতিষ্ঠান সর্বদা সর্বোচ্চ স্বচ্ছতা, নৈতিকতা এবং আইন অনুশাসনের ক্ষেত্রে কঠোর থাকে, যা এমজিআই-ও সবসময়ই সুনির্দিষ্টভাবে মেনে চলে।”
মেঘনা গ্রুপ ‘প্রতিযোগিতামূলক ব্যবসায়িক পরিবেশকে’ একটি শক্তিশালী অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে দেখে মন্তব্য করে বিবৃতিতে বলা হয়, “তবে আমাদের বিশ্বাস যে কিছু অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে, যার লক্ষ্য হল বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় একটি শিল্পগ্রুপকে অস্থিতিশীল করে তোলা।
“আমরা সকল স্টেকহোল্ডার, বিশেষ করে সংবাদ মাধ্যমগুলোকে কোন ধরনের অনুমান বা গুজব নয়, বরং কেবলমাত্র বস্তুনিষ্ঠ ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দায়িত্বশীলতার সাথে সাংবাদিকতার জন্য অনুরোধ জানাচ্ছি।”
ডিসক্লেইমার
এটি একটি বিজ্ঞাপনী বার্তা; সংবাদ প্রতিবেদন নয়। এর কোনো কনটেন্টের দায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নয়।
