২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অগ্রাধিকারে ছিল, কাজ হয়নি

আওয়ামী লীগ সরকারের গত মেয়াদে পরিকল্পিত ২৮টি অগ্রাধিকার কর্মসূচির কাজই শুরু করতে পারেনি সরকার।

মঈনুল হক চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2014, 12:15 AM

Updated : 01 Sep 2026, 12:50 PM

এসবের মধ্যে পাঁচ বছরে ঢাকাকে ঘিরে বৃত্তাকার সড়ক নির্মাণ, রেলপথ স্থাপন, সংরক্ষিত মহিলা আসন একশ’তে উন্নীতকরণসহ বেশকিছু বড় কর্মসূচি রয়েছে।

গত ৫ বছরে বাজেটে ঘোষিত কার্যক্রমে ব্যবসা পরিবেশ, সমন্বিত কৃষি ও পল্লী উন্নয়ন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, ভৌত অবকাঠামো, নারী ও শিশু কল্যাণ, সুশাসন, রাজস্ব প্রশাসন, আর্থিক খাত, ডিজিটাল বাংলাদেশ ও জ্বালানি খাতে এসব অগ্রাধিকার ছিল।

বৃহস্পতিবার সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৪-২০১৫ অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন।

মহাজোট সরকারের ৫ বছর মেয়াদের পর টানা দ্বিতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকার গঠন করেছে এবার।

৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনে জয়ের পর বৃহস্পতিবার প্রথম বাজেট ঘোষণা হয় এ সরকারের।

নতুন অর্থবছরের বাজেটে বলা হয়েছে [সারণি-৩] অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়গুলোর মধ্যে ২৮টি কর্মসূচি বাস্তবায়ন শুরু করা যায়নি।

অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেন, "আমরা প্রমাণ করেছি উচ্চবিলাষী কার্যক্রম আমরা বাস্তবায়ন করতে পারি। গত পাঁচ বছরে সংশোধিত বাজেটের ৯৬ শতাংশ বাস্তবায়ন করে যাচ্ছি। এ মেয়াদে আমদের সরকারের মূল লক্ষ্য হবে রূপকল্প বাস্তবায়নে যা যা করণীয় তা দ্রুত সম্পন্ন করা।

ব্যবসা, কৃষি ও স্বাস্থ্য খাতে যেসব অগ্রাধিকার কর্মসূচি শুরু করা যায়নি সেগুলো হলো- নির্মাণ কর্মকাণ্ডে ছাড়পত্র নিতে ওয়ানস্টপ সেবা কেন্দ্র স্থাপন, বিনিয়োগ আইনকানুন সহজীকরণ, ২০১২ সালের মধ্যে ট্রেড পোর্টাল স্থাপনের কাজ।

এর পাশাপাশি রয়েছে প্রতিগ্রামে অন্তত: একটি জলাশয় সংস্কার, দক্ষতা বাড়াতে স্থানীয় সরকারের একটি রূপরেখা প্রণয়ন, জাতীয় পুষ্টি কার্যক্রম ১২৩ উপজেলায় সম্প্রসারণ এবং চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য সেবাকর্মীর অনুপাত বাড়ানো।

২০১২-১৩ সালের মধ্যে কন্যা শিশুদের জন্য সমন্বিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের কথা থাকলেও তা শুরু হয়নি।

ভৌত অবকাঠামোর মধ্যে শুরুই না হওয়া কর্মসূচির মধ্যে রয়েছে- ঢাকাকে ঘিরে বৃত্তাকার সড়ক নির্মাণ, ঢাকার চারপাশে বৃত্তাকার রেলপথ স্থাপন, ঢাকা ইস্টার্ন বাইপাস সড়ক নির্মাণ, মগবাজার-মৌচাক পল্টন থেকে ঢাকা-মাওয়া সড়কে ফ্লাইওভার নির্মাণ, আমিনবাজার থেকে পলাশী পর্যন্ত করিডোর নির্মাণ, রেলওয়েকে একটি কর্পোরেট প্রতিষ্ঠানে রূপান্তর, রেল ব্যবস্থা বিদ্যুতায়ন, শহরতলীতে টাউনশিপ গড়ে তোলা।

এছাড়া সুশাসন প্রতিষ্ঠায় ঢাকার যানজট-পরিবেশ সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ, সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা ১০০ তে উন্নীতকরণ, রাজস্ব প্রশাসনে ন্যাশনাল ট্যাক্স ট্রাইব্যুনাল গঠন, ফিন্যান্সিয়াল ইনসেনটিভ হিসাব প্রতিষ্ঠা, ট্যাক্স ইনফরমেশন ম্যানেজমেন্ট অ্যান্ড রিচার্স সেন্টার গঠনের কর্মসূচি বাস্তবায়ন হয়নি।

এর পাশাপাশি আর্থিক খাতে স্টক একচেঞ্জের লেনদেন নিষ্পত্তিতে পৃথক কোম্পানি প্রতিষ্ঠা, ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যে আইসিটি ক্যাপাসিটি ডেভেলপমেন্ট কোম্পানি প্রতিষ্ঠা ও জ্বালানিখাতে ট্রানজিট সুবধা দিতে বিধিবিধান প্রণয়নের ঘোষিত কর্মসূচিও বাস্তবায়ন হয়নি।

তবে অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় জানান, বাজেটে ঘোষিত ২৬৫টি কার্যক্রম বাস্তবায়নাধীন [সারণি-২] রয়েছে।

বিগত ৫ বছরে বাজেটে ঘোষিত ৪১৭টি কর্মসূচিও সফলভাবে [সারণি-১] সম্পন্ন হয়েছে বলে উল্লেখ করেন তিনি।