ঘাটতি অর্থায়নই বড় চ্যালেঞ্জ: এফবিসিসিআই
আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতি অর্থায়নকেই বড় চ্যালেঞ্জ মনে করছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাজেট ঘোষণার পর রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে সংবাদ ব্রিফিংয়ে এই প্রতিক্রিয়া জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ।
ফাইল ছবি
প্রস্তাবিত বাজেটে সার্বিক ঘাটতি ৬৭ হাজার ৫৫২ কোটি টাকা। অনুদানের হিসাব ছাড়া যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) পাঁচ শতাংশ। আর ৬ হাজার ২০৬ কোটি টাকা অনুদানসহ হিসাব করলে ঘাটতি দাঁড়াবে ৬১ হাজার ৩৪৬ কোটি টাকা, যা জিডিপির চার দশমিক ৫ শতাংশ।
এই ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেয়া হবে ৪৩ হাজার ২৭৭ কোটি টাকা। এর মধ্যে সরকার ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেবে ৩১ হাজার ২২১ কোটি টাকা। আর বৈদেশিক উৎস থেকে আসবে ১৮ হাজার ৬৯ কোটি টাকা।
কাজী আকরাম বলেন, “বাজেট ঘাটতি মোকাবিলায় সরকার অধিক হারে দেশীয় ব্যাংক থেকে ঋণ নেবে বলে ঠিক করেছে। এটি ব্যবসায়ী-উদ্যোক্তাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। কারণ তারা বিনিয়োগের জন্য পর্যাপ্ত অর্থ ব্যাংক থেকে পাবেন না।”
সরকারকে বাজেট ঘাটতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে হবে বলে উল্লেখ করে এফবিসিসিআই সভাপতি বলেন, “বাংলাদেশ কখনো বৈদেশিক ঋণের খেলাপী হয়নি। সে কারণে বিদেশি উৎস থেকে আরও বেশি ঋণ নিতে পারে। এতে দেশীয় ব্যাংকগুলোর ওপর চাপ কমবে।”
তবে প্রস্তাবিত বাজেটকে ব্যবসায়ী, বিনিয়োগ ও পুঁজিবাজারবান্ধব বলে মনে করছে এফবিসিসিআই।
বাজেটে অতালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট কর হার ২ দশমিক ৫ শতাংশ কমানোর প্রস্তাব করা হয়েছে উল্লেখ করে কাজী আকরাম তালিকাভুক্ত কোম্পানির করও কমানোর দাবি জানান।
প্রস্তাবিত বাজেটে কোনো শিল্প কারখানায় বর্জ্য শোধনাগার না থাকলে ওই প্রতিষ্ঠান যত পণ্য বিক্রি করবে তা থেকে ১ শতাংশ হারে সারচার্জ হিসেবে কেটে নেয়ার প্রস্তাব করা হয়েছে, যাকে তেমন কার্যকর বলে মনে করেন না কাজী আকরাম।
সংবাদ সম্মেলনে এফবিসিসিআইয়ের সহসভাপতি হেলাল উদ্দিন, পরিচালক আবদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
বাজেট শিল্প ও বিনিয়োগবান্ধব: বিজিএমএইএ
অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটকে শিল্প ও বিনিয়োগ বান্ধব হিসেবে অভিহিত করেছে পোশাক মালিকদের বড় সংগঠন বিজিএমএইএ।
সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রস্তাবিত বাজেটে তৈরি পোশাক শিল্পকে অগ্রাধিকার দিয়ে যুগান্তকারী পদক্ষেপ নেয়ার ঘোষণা দেযা হয়েছে, যা শিল্পে সহায়ক ভূমিকা পালন করবে।”
এছাড়া শিল্প বিকেন্দ্রীকরণের জন্য সহায়ক নীতি ঘোষণা, রপ্তানিমুখী পোশাক শিল্পে প্রি-ফেব্রিকেটেড বিল্ডিংয়ের কাঁচামাল ও অগ্নি-নির্বাপক যন্ত্রপাতির আমদানির শুল্ক প্রত্যাহার, পোশাক শিল্পের সহায়ক সেবার উপর থেকে মূসক অব্যাহতি প্রদান এবং অনগ্রসর এলাকায় শিল্প স্থাপন করা হলে কর-রেয়াত সুবিধার ঘোষণাকে বিজিএমইএ স্বাগত জানিয়েছে।
বিজিএমইএ আশা করছে, প্রস্তাবিত বাজেটে কর্পোরেট করের হার ৩৭ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ৩৫ শতাংশ করা, সিএসআর ব্যয়ের পরিধি ৮ কোটি টাকা থেকে ১২ কোটি টাকা বাড়ানোর ঘোষণা দেয়ায় সিএসআর কার্যক্রমে গতিশীলতা আসবে।
ভোগ্যপণ্যের ব্যবসায় গতিশীলতা আসবে: চট্টগ্রাম চেম্বার
প্রস্তাবিত বাজেটের ঘাটতি পূরণকে বড় চ্যালেঞ্জ মানলেও লোকাল এলসিতে উৎসে কর প্রত্যাহারের প্রস্তাব থাকায় ভোগ্যপণ্যের ব্যবসায় গতিশীলতা আসবে বলে মনে করে চট্টগ্রাম চেম্বার।
বৃহস্পতিবার চট্টগ্রাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, ৬৭ হাজার ৫৫২ কোটি টাকা ঘাটতি পূরণ করাই বাজেট বাস্তবায়নের বড় চ্যালেঞ্জ।
“চট্টগ্রাম চেম্বারের দাবির প্রেক্ষিতে নিত্য পণ্যের লোকাল এলসিতে উৎসে কর প্রত্যাহার করায় এ সংক্রান্ত ব্যবসায় গতিশীলতা আসবে।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রস্তাবিত বাজেটে মানবসম্পদ উন্নয়ন, সার্বিক কৃষিখাত, বিদ্যুৎ-জ্বালানী ও যোগাযোগ খাতকে অগ্রাধিকার দেয়ায় অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
“তবে বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রে সুষ্পষ্ট দিক নির্দেশনা ও নীতিমালা গ্রহণ জরুরি।“
ব্যক্তি করদাতাদের আয়ের সীমা ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি এবং সেলফ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে ২০ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ কর বৃদ্ধি করা হলে অডিট না করার বিধান রাখার দাবি জানান চেম্বার সভাপতি।
