বাজেটে দেশীয় শিল্প সুরক্ষার চেষ্টা অর্থমন্ত্রীর
২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশীয় শিল্পকে বিশেষ সুরক্ষা দেয়ার চেষ্টা করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
নতুন অর্থবছরের জন্য যে বাজেট প্রস্তাব পেশ করা হয়েছে, তাতে দেশে তৈরির জন্য বেশ কিছু পণ্যের কাঁচামাল আমদানিতে শুল্কহার কমিয়েছেন। আবার কিছু আমদানি পণ্যের শুল্কহার বাড়িয়ে দেশিয় শিল্পকে প্রতিযোগিতায় এগিয়ে থাকার সুযোগ দিয়েছেন।
বাজেট প্রস্তাবে আবুল মাল আবদুল মুহিত বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি শহর থেকে কারখানা সরানোর দিকেও নজর দিয়েছেন। এজন্য সুদের হার কমানোর কথা বলা হয়েছে বাজেটে।
আবার শহর থেকে কারখানা সরালে বিশেষ কর অবকাশ সুবিধার বিষয়টিও বাজেট প্রস্তাবে দিয়েছেন তিনি।
সুদের হারের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, "ব্যক্তিখাতে ঋণ প্রবাহ ও বিনিয়োগ বাড়ানোর জন্য সুদের হার কমাতে কার্যকর পদক্ষেপ নেয়া হবে।"
বৃহষ্পতিবার সংসদে অর্থমন্ত্রী ২০১৪-১৫ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করেন, যা আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।
প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী দেশিয় কাগজ শিল্প, গ্লাস ও সিরামিক শিল্প, রাবার শিল্প, ফার্নিচার শিল্প, রং শিল্প, ইলেকট্রিক্যাল শিল্প ও প্লাস্টিক শিল্পে ব্যবহৃত বিভিন্ন কাঁচামালে শুল্কহার ১০ ও ২৫ শতাংশ থেকে কমিয়ে যথাক্রমে ১০ ও ৫ শতাংশ করার প্রস্তাব করেন।
১৫-১৬ রিম আকারের বাসের টায়ার দেশে উৎপাদিত হচ্ছে বলে অর্থমন্ত্রী তা আমদানিতে অতিরিক্ত ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করেন। একই বিবেচনায় বাইসাইকেল টিউবের আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করেন।
ওষুধ শিল্পের কাঁচামাল আমদানিতে ব্যাপক শুল্ক ছাড় দিয়েছেন অর্থমন্ত্রী। এখাতের ৪০টি কাঁচামাল ও আয়ুর্বেদিক ওষুধ তৈরিতে ৪১টি কাঁচামালে বিদ্যমান শুল্ক ১০ ও ২৫ শতাংশ থেকে কমিয়ে রেয়াতি হারে ৫ শতাংশ ধার্য করার প্রস্তাব করা হয়েছে। ক্যান্সার চিকিৎসার ওষুধ তৈরিতে ১৪টি কাঁচামালের শুল্ক পুরোপুরি তুলে নেয়ার প্রস্তাব করা হয়েছে বাজেটে।
দেশে উন্নত মানের এলপিজি সিলিন্ডার তৈরি হচ্ছে বলে উল্লেখ করে আবুল মাল আবদুল মুহিত বলেন, "আমদানি করা সিলিন্ডারে কম শুল্ক থাকায় দেশিয় শিল্প পর্যাপ্ত প্রতিরক্ষা পাচ্ছেনা। এ শিল্পকে উৎসাহিত ও আমদানির সঙ্গে প্রতিযোগিতা করার লক্ষ্যে সিলিন্ডার আমদানিতে শুল্ক ৫ শতাংশ থেকে ২৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হলো।"
দেশে 'ডায়াপার' তৈরি হয় বলে উল্লেখ করে অর্থমন্ত্রী পণ্যটি তৈরির কাঁচামালে আমদানির শুল্ক কমিয়ে ২৫ শতাংশ থেকে নামিয়ে ১০ শতাংশের প্রস্তাব করেন।
রেলের উন্নয়নে বিভিন্ন যন্ত্রপাতি ও উপকরণ আমদানি এবং জাহাজ শিল্পের বিভিন্ন যন্ত্রপাতিতে শুল্কছাড়ও দিয়েছেন অর্থমন্ত্রী।
নির্মাণ শিল্পে ব্যবহৃত ডাম্প ট্রাক আমদানিতে ১০ শতাংশ শুল্ক তুলে এখানে মূলধনী যন্ত্রপাতির মত রেয়াতি সুবিধা দেয়া হয়েছে প্রস্তাবিত বাজেটে।
বস্ত্র শিল্পের কিছু কাঁচামালের শুল্ক হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। শুল্কহার কমানো কাঁচামালের মধ্যে ফ্ল্যাক্স ফাইবার, কৃত্রিম স্ট্যাপল ফাইবার রয়েছে।
দেশের লৌহ ও ইস্পাত শিল্পের বিকাশ খুবই আশাপ্রদ বলে উল্লেখ করে অর্থমন্ত্রী দু’টি পদক্ষেপের ঘোষণা করেন। তিনি এখাতের বিভিন্ন আমদানি পণ্যে শুল্ক বাড়ানো ও বিলেটের কাঁচামাল, স্পঞ্জ আয়রন ও রিডিউসড আয়রন আমদানি শুল্কমুক্ত করার ঘোষণা দেন।
মোবাইল ফোন উৎপাদনকারী দেশিয় শিল্পের সুরক্ষায় আমদানি পর্যায়ে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর আরোপের প্রস্তাব করা হয়েছে।
এছাড়া অর্থমন্ত্রী এনার্জি সেভিং ল্যাম্প ও ফ্যানের মোটর আমদানিতে আমদানি শুল্ক ২৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেন। হাঁস-মুরগি ও গবাদি পশুর খাবারের বিভিন্ন উপকরণের শুল্ক পুরোপুরি তুলে নেওয়া হয় বাজেটে।
প্রস্তাবিত বাজেটে কর বিদ্যমান অবকাশ সুবিধার মেয়াদ ২০১৯ সাল পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী।
নতুন শিল্প উদ্যোক্তাদের জন্য তিনি 'কর অবকাশ সুবিধা'র বিকল্প হিসেবে 'তরান্বিত অবচয় ভাতা'র বিধান আবার চালুর প্রস্তাব করেন। তিনি দূষণমুক্ত ইটভাটাকে কর অবকাশ সুবিধা দেয়ার প্রস্তাবও দেন।
এছাড়া অনগ্রসর এলাকায় শিল্প স্থাপনে কর অবকাশ ও কর রেয়াত বাড়িয়েছেন অর্থমন্ত্রী।
