বাজেট বাস্তবায়নে এরশাদের শঙ্কা
আগের বছরগুলোর তুলনায় বর্তমান বাজেটকে ‘সর্ববৃহৎ’ উল্লেখ করে এই বাজেট বাস্তবায়নে সরকারের সামর্থ্য নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মাদ এরশাদ।
বৃহস্পতিবার এক বিবৃতিতে এরশাদ বলেন,“ এ যাবৎকালের সর্ববৃহৎ আয়তনের এই বাজেট বাস্তবায়ন হবে সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। আয়তনের দিক থেকে এটা যেমন পূর্বকারের চেয়ে সর্ববৃহৎ আবার প্রবৃদ্ধি, ঘাটতি ও আয়ের লক্ষ্যমাত্রার দিক থেকেও রেকর্ড গড়েছে।
ফাইল ছবি
"এ ধরনের বাজেট বাস্তবায়নে সরকার কতোটুকু সফল হবে তা নিয়ে শঙ্কা থেকেই যায়।”
দশম জাতীয় সংসদে বিরোধী দলের ভূমিকা পালনকারী জাতীয় পার্টি রয়েছে সরকারেও।
বর্তমান সরকারের মন্ত্রিসভায় জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর তিন জন সদস্য রয়েছেন। পার্টি চেয়ারম্যান এরশাদ পালন করছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূতের দায়িত্ব।
২০১৪-১৫ অর্থবছরে প্রস্তাবিত ২ লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকার বাজেটে সামগ্রিক ঘাটতি ৬৭ হাজার ৫৫২ কোটি টাকা।
এ বিষয়টি উল্লেখ করে এরশাদ বলেন,“ বর্তমান সরকার আইনগত দিক থেকে যথার্থ হলেও সর্বমহলে গ্রহণযোগ্যতার দিক থেকে প্রশ্নের সম্মুখীন হয়ে আছে। এমতাবস্থায় জনগণের মঙ্গল সাধনের জন্য সরকার রাজনৈতিক ঘাটতি পূরণের চেষ্টা হয়তো করছে এই বাজেটের মাধ্যমে।
"কিন্তু বাজেটে বিশাল ঘাটতি রেখে রাজনৈতিক ঘাটতি কিভাবে মোকাবেলা করা যাবে তা নিয়ে জনমনে সন্দেহ থেকেই যাবে।”
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, “আমি বাজেটকে উচ্চাভিলাষী বলবো না।কারণ উচ্চাভিলাষ না থাকলে অগ্রগতি আসে না। আমরা সেই বাজেটকেই সফল বাজেট বলব যা বাস্তবায়ন সম্ভব।কিন্তু এই বাজেটের ক্ষেত্রে কতদূর তা সম্ভব সে বিষয়ে আশঙ্কা আছে।”
