স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বরাদ্দ কমেছে
প্রস্তাবিত বাজেটে বিদায়ী অর্থবছরের তুলনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ্দ টাকার অংকে বেড়েছে ৩৩৮ কোটি টাকা ।
কিন্তু মোট বাজেটের আনুপাতিক হারের দিক থেকে বিদায়ী বছরের চেয়ে প্রস্তাবিত বাজেটে বরাদ্দের পরিমাণ শূন্য দশমিক ৫৬ শতাংশ কমেছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৪-২০১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, যাতে বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ করা হয়েছে ১১ হাজার ৩৫৭ কোটি টাকা।
বিদায়ী অর্থ বছরের সংশোধিত বরাদ্দ ছিল ১১ হাজার ২৯ কোটি টাকা।
বিদায়ী অর্থ বছরে মোট বাজেটের তুলনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ছিল ৫ দশমিক এক শতাংশ।
আগামী অর্থ বছরের এই মন্ত্রণালয়ে বরাদ্দ রাখা হয়েছে ৪ দশমিক ৫৪ শতাংশ। অর্থাৎ মোট বাজেটের তুলনায় বরাদ্দ কমেছে শূন্য দশমিক ৫৬ শতাংশ।
