পুঁজিবাজারে কর অব্যাহতির প্রস্তাব
পুঁজিবাজারকে স্থিতিশীল রাখতে দেশের দুই স্টক এক্সচেঞ্জকে পাঁচ বছরের জন্য কর অব্যাহতি দেওয়া হয়েছে প্রস্তাবিত বাজেটে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার বালা অর্থমন্ত্রীকে পুঁজিবাজার নিয়ে বিশেষ মনোযোগ দেয়ার জন্য স্বাগত জানিয়েছেন ।
বিনিয়োগকারীদের করমুক্ত লভ্যাংশের আয় সীমা ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার কোটি টাকার প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৪-২০১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
পুঁজিবাজারের জন্য নেয়া বিভিন্ন সংস্কার কাজের উল্লেখ করে বাজেট বক্তৃতায় তিনি বলেন, “আমাদের বিভিন্ন পদক্ষেপের ফলে গত ২০১৩ সালের শুরু থেকে ডিএসই‘র মূল্যসূচক এবং বাজার মূলধন মোটামুটি স্থিতিশীল অবস্থায় আছে।”
“পুঁজিবাজারের স্থিতিশীলতা বজায় রাখাসহ এর সম্প্রসারণ ও উত্তরোত্তর শক্তিশালীকরণের লক্ষ্যে ডিমিউচুয়ালাইজড স্টক এক্সচেঞ্জসমূকে ক্রমহ্রাসমান হারে ৫ বছরের জন্য কর অব্যাহতি সুবিধা প্রদান করার প্রস্তাব করছি।”
অর্থমন্ত্রী বলেন, "ফিন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট দ্রুত প্রণয়নের মাধ্যমে ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল গঠন করা হবে। যা প্রতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতকরনে সহায়ক ভূমিকা পালন করবে । ক্লিয়ারিং কোম্পানি গঠন প্রক্রিয়াধীন।
"ক্লিয়ারিং কোম্পানি গঠিত হলে ডেরিভেটিভস মার্কেট চালু সহজতর হবে এবং সেটেলমেন্ট গ্যারান্টি ফান্ড গঠনের মাধ্যমে বিদেশী বিনিয়োগকারী আকর্ষণে সহায়ক হবে।"
এছাড়া কর রেয়াত পাওয়ার ক্ষেত্রে সিএসআর খরচের পরিমাণ ৮ কোটি থেকে ১২ কোটি টাকায় উন্নীত এবং ব্যবসায়িক টার্নওভারের ওপর প্রদেয় নূন্যতম কর দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে দশমিক ৩০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।
ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকেও এর আগে কর অব্যাহতির দাবি জানানো হয়।
