২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের বরাদ্দ বেড়েছে

প্রস্তাবিত বাজেটে বাংলাদেশ পুলিশ অধিদপ্তরের বরাদ্দ বিদায়ী অর্থবছরের চেয়ে প্রায় একশ' কোটি টাকা বেড়েছে।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2014, 07:56 PM

Updated : 22 Aug 2022, 06:25 PM

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৪-২০১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এবার বাজেটের আকার ধরা হয়েছে ২ লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকা, যার মধ্যে ঘাটতি থাকছে ৬৭ হাজার ৫৫২ কোটি টাকা। ঘাটতির পরিমাণ জিডিপির ৫ শতাংশ।

প্রস্তাবিত বাজেটে পুলিশ অধিদপ্তরের জন্য বরাদ্দ রাখা হযেছে ‍দুই হাজার ৬০৫ কোটি ৪৮ লাখ ৬৫ হাজার টাকা।

বিদায়ী অর্থবছরে পুলিশের জন্য সংশোধিত বরাদ্দ ছিল দুই হাজার ৫১০ কোটি ৬০ লাখ ৫৪ হাজার টাকা, যা চলতি অর্থ বছরের তুলনায় ৯৪ কোটি ৮৮ লাখ ১১ হাজার টাকা বেশি ছিল।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, "আমরা জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা দূর করে রাষ্ট্র ও সমাজের সর্বক্ষেত্রে শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে চাই। এ লক্ষ্যে আমরা আইন-শৃঙ্খলা বাহিনীর সকল শাখাকে অধিকতর শক্তিশালী ও দক্ষ করে গড়ে তুলেছি। তাদের আরো সজ্জিত করেছি আধুনিক সাজ-সরঞ্জামে।

"ভবিষ্যতে সময়ের সঙ্গে তাল মিলিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো উন্নত করা হবে। আমরা ইতোমধ্যেই তাদের আর্থিক সুবিধা আগের তুলনায় বহুগুণে বৃদ্ধি করেছি। তাদের জীবনযাত্রার মানোন্নয়ন, আবাসন, শিক্ষা, চিকিৎসাসহ অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির এ ধারা প্রয়োজনে নিরিখে ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

প্রস্তাবিত বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ করা হয়েছে ১১ হাজার ৩৫৭ কোটি টাকা। বিদায়ী অর্থ বছরের সংশোধিত বরাদ্দ ছিল ১১ হাজার ২৯ কোটি টাকা।

চলতি অর্থ বছরের মোট বাজেটের তুলনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বরাদ্দ ছিল ৫ দশমিক ১ শতাংশ। আগামী অর্থ বছরের এই মন্ত্রণালয়ে বরাদ্দ রাখা হয়েছে ৪ দশমিক ৫৪ শতাংশ, যা মোট বাজেটের তুলনায় বরাদ্দ কমেছে শূন্য দশমিক ৫৬ শতাংশ।

নতুন বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৮২ হাজার কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দ রাখা হয়েছে ৮০ হাজার ৩১৫ কোটি টাকা।

এ নিয়ে অষ্টমবারের মতো জাতীয় সংসদে বাজেট উত্থাপন করছেন মুহিত।