২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তামাকে কর বৃদ্ধি ইতিবাচক, তবে পর্যাপ্ত নয়’

প্রস্তাবিত ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে তামাকপণ্যের উপর কিছুটা কর বৃদ্ধি করা হলেও তা পর্যাপ্ত নয় বলে মন্তব্য করেছে তামাক বিরোধী সংগঠন ক্যাম্পেইন ফর টোবাকো ফ্রি কিডস (সিটিএফকে)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2014, 07:55 PM

Updated : 22 Aug 2022, 06:25 PM

পাশাপাশি বহুজাতিক সিগারেট কোম্পানিগুলোকে সুবিধা দেওয়া অব্যাহত রাখা হয়েছে বলেও মনে করছে তারা।

বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করেন।

অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেন, তামাকের কারণে প্রতিবছর প্রায় ৬০ হাজার মানুষ প্রাণ হারায়, পঙ্গুত্ব বরণ করে প্রায় ৪ লাখ মানুষ।

“এবারেরর বাজেটে তামাকজাত আমদানিকৃত অথবা উৎপাদিত পণ্যের ওপর মূল্যভিত্তিক ১ শতাংশ হারে স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ আরোপের প্রস্তাব করছি। তামাকজনিত রোগ নিরাময়ের চিকিৎসা ও পুনর্বাসন খাতে এ অর্থ ব্যয় করা যেতে পারে।”

সিগারেটের স্তর অনুযায়ী করভার নির্ধারণের প্রস্তাবও তুলে ধরেন অর্থমন্ত্রী।

তাইফুর রহমান স্বাক্ষরিত সিটিএফকে'র এক বিবৃতিতে বলা হয়, “সিগারেট ও বিড়ির মূল্য কিছুটা বৃদ্ধি পেলেও তা এসব পণ্যের ব্যবহার কমানোর জন্য যথেষ্ট নয়। পক্ষান্তরে জর্দ্দা ও গুলের উপর সম্পূরক শুল্কের হার দ্বিগুণ করাহয়েছে যা অত্যন্ত ইতিবাচক।  তবে এসব পণ্যের উপর প্রযোজ্য কর হার কঠোরভাবে প্রয়োগ করা না হলে এ বৃদ্ধি খুব একটা কাজে আসবেনা।” 

তামাক নিয়ন্ত্রণে কর বাড়ানোর ভূমিকা বিষয়ে সরকারের ইতিবাচক চিন্তা-ভাবনার প্রতিফলন ঘটেছে বলে মনে করছে প্রজ্ঞা।

তারা বলছে, জর্দ্দা ও গুলের উপর প্রযোজ্য কর আহরণের ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে সুনির্দিষ্ট পদক্ষেপ জরুরি। তাছাড়া, সব স্তরের সিগারেটের মূল্য বৃদ্ধি করা হয়েছে বিভিন্ন হারে ৯.৫৭% থেকে ১৯.০৫% পর্যন্ত। এর ফলে সিগারেটের দাম কিছুটা বাড়বে, তবে বিশেষ করে সস্তা দামের সিগারেটের দাম খুব একটা বাড়বেনা।

আর সবচেয়ে বেশি দামের সিগারেটের কর হার অপরিবর্তিত রেখে শুধু মূল্যস্তর বৃদ্ধির ফলে এ ধরনের সিগারেট প্রস্তুতকারি কোম্পানিগুলো লাভবান হবে বলে মনে করে প্রজ্ঞা।

“এভাবে বহুজাতিক তামাক কোম্পানিগুলোকে বেশি করে মুনাফা অর্জনের সুযোগ করে দেয়া হলো। তামাক কোম্পানিকে সুবিধা প্রদান করে তামাকনিয়ন্ত্রণ সম্ভব নয়।”