২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাকার অংকে বরাদ্দ বেড়েছে জ্বালানি খাতে

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের টাকার অংকে বরাদ্দ বাড়ানো হলেও আনুপাতিক বরাদ্দ কমানো হয়েছে প্রস্তাবিত বাজেটে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2014, 07:39 PM

Updated : 13 Oct 2022, 12:11 PM

তবে এ মন্ত্রণালয়ের ৯৯ শতাংশ বরাদ্দই রাখা হয়েছে বিভিন্ন প্রকল্প উন্নয়নের জন্য।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৪-২০১৫ অর্থবছরের জন্য ২ লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন।

এ বাজেটে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১১ হাজার ৫৪০ কোটি টাকা, যা প্রস্তাবিত বাজেটের ৪ দশমিক ৬ শতাংশ। চলতি অর্থবছরের বাজেটে এখাতের জন্য বরাদ্দ ছিল ১১ হাজার ৩৫১ কোটি টাকা, যা মোট বাজেটের ৫ দশমিক ১০ শতাংশ।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, “আগামী পাঁচ বছরে দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।”

মুহিত জানান, প্রেক্ষিত পরিকল্পনা অনুযায়ী ২০২১ সালের মধ্যে বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপান ক্ষমতা ২৪ হাজার মেগাওয়াটে উন্নীত করা হবে যা বর্তমানে রয়েছে ১০ হাজার ৩৪১ মেগাওয়াটে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জন্য ১১ হাজার ৫৪০ কোটি টাকার প্রস্তাবিত বরাদ্দের মধ্যে উন্নয়ন প্রকল্পের জন্য ১১ হাজার ৪৯৬ কোটি টাকা এবং অনুন্নয়ন ব্যয়ের জন্য ৪৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

আর অনুন্নয় ব্যয়ে বিদ্যুৎ বিভাগের জন্য ৯ হাজার ২৮৪ কোটি টাকা এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জন্য ২ হাজার ২৫৬ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে।