স্থানীয় সরকার খাতে বাজেট বেড়েছে
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে ২০১৪-১৫ অর্থবছরে বরাদ্দ বাড়িয়েছে সরকার।
স্থানীয় সরকার খাতে বরাদ্দ করা হয়েছে ১৫ হাজার ৪৬৪ কোটি টাকা, যা প্রস্তাবিত বাজেটের ৬ দশমিক ১৯ শতাংশ।
এরমধ্যে অনুন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯৯৭ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয় ১৩ হাজার ৪৬৭ কোটি টাকা।
গত অর্থ বছরে এ খাতে বরাদ্দ ছিল ১৩ হাজার ৩২২ কোটি টাকা যা বর্তমান বরাদ্দের তুলনায় ২ হাজার ১৪২ কোটি টাকা কম।
এছাড়া পল্লী উন্নয়ন খাতে গত বছরের চেয়ে থেকে ৮২ কোটি টাকা বৃদ্ধি করে বরাদ্দ করা হয়েছে ১ হাজার ৫১৬ কোটি টাকা।
এ প্রসঙ্গে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, “আমাদের গত মেয়াদে ইউনিয়ন, উপজেলা ও জেলা পরিষদ ও পৌর কর্তৃপক্ষসমূহের ক্ষমতা ও দায়িত্ব সম্প্রসারণ করা হয়েছে।
"এই মেয়াদে দায়িত্ব নেয়ার পরপরই ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে সবকয়টি রাজনৈতিক দলের অংশগ্রহণে উপজেলা নির্বাচন সম্পন্ন হয়েছে।”
স্থানীয় সরকারকে অধিকতর কার্যকর করার লক্ষ্যে বাজেট বক্তৃতায় কিছু প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী।
সেগুলো হল- যে সব কাজ স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের কাছে অর্পণ করা হবে তা সুস্পষ্টভাবে বিভাজন করা, জেলা-উপজেলা-ইউনিয়ন পরিষদের মধ্যে দায়িত্ব বিভাজন সুস্পষ্ট করা, স্থানীয় সরকারের উপযোগী বিশেষায়িত আমলাতন্ত্র সৃষ্টি ও তাদের প্রশিক্ষণের ও কেন্দ্রীয় সরকার ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মধ্যে রাজস্ব ভাগাভাগির একটি ন্যায্য ব্যবস্থা প্রতিষ্ঠা করা।
