২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বড়’ অর্থনীতির জন্য মুহিতের ‘বড়’ বাজেট

২০১৪-১৫ অর্থবছরের বাজেট পেশ হচ্ছে বৃহস্পতিবার।

আবদুর রহিম হারমাছি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2014, 01:02 AM

Updated : 22 Aug 2022, 06:26 PM

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিকাল ৩ টায় মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদে আড়াই লাখ কোটি টাকার প্রথম বাজেট তুলে ধরবেন সংসদে।

স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেটের পরিমাণ ছিল ৭৮৬ কোটি ৩৬ লাখ টাকা।

 একঘেয়েমি এবং ক্লান্তি এড়াতে এবারো ডিজিটাল পদ্ধতিতে বাজেট পেশ করা হবে।

আইন মেনে নির্ধারিত হারে জরিমানা দিয়ে অপ্রদর্শিত আয় বিনিয়োগের সুযোগ দেয়া হলেও অন্য কোন খাতে কালো টাকা সাদা করার কোন সুযোগ থাকছে না নতুন বাজেটে। রাজস্ব আদায় বাড়াতে ২০১৫ সালের মধ্যে সব ক্ষেত্রে ১৫ শতাংশ ভ্যাট (মূসক) চালুর ঘোষণা আসছে বাজেটে।

কালো টাকা সাদা করার সুযোগ না রাখার পক্ষে যুক্তি উপস্থাপন করে আট বার বাজেট দিতে যাওয়া মুহিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আয়কর অধ্যাদেশে জরিমানা দিয়ে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগের বাইরে কালো টাকা সাদা করার কোন সুযোগ দেয়া হবে না। কেননা, এই সুযোগ দিয়ে কখনই ভাল ফল পাওয়া যায়নি।

“আইনে যা আছে সে সুযোগই দিতে হবে। বাইরে কোন কিছু নয়।”

চলতি ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে আয়কর আইনের বাইরেও ফ্লাট/বাড়ি/জমি কেনার ক্ষেত্রে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয়েছিল।

এবার এ ধরণের কোন সুযোগ দেয়া হবে না বলে পরিস্কার জানিয়েছেন অর্থমন্ত্রী।

সব ক্ষেত্রে ১৫ শতাংশ ভ্যাট চালু প্রসঙ্গে মুহিত বলেন, “অনেক দিন ধরেই আমরা এ ব্যবস্থা চালু করার কথা বলছি। কিন্তু ব্যবসায়ীদের সময় চাওয়ার কারণে করা হয়নি। আমার এবারের বাজেটে এ বিষয়ে একটি দিক নির্দেশনা থাকবে। ২০১৫ সালের মধ্যে সব ক্ষেত্রে ১৫ শতাংশ ভ্যাট (মূসক) চালু করতে চাই আমরা।”  

প্রথা মেনে এবারো বিকাল ৩ টার কিছু আগে কালো ব্রিফকেস হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সংসদে আসবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

টানা বিরোধী দলবিহিন বাজেট পেশের পর এবার ভিন্ন উপস্থিতি।

জাতীয় পার্টি বিরোধী দলে; আবার সরকারি দলেরও অংশীদার।

অবশ্য বাংলাদেশের প্রধান একটি দলের অনুপস্থিতি চোখে পড়বে সকলেরই।

স্বাধীনতার পরপরই তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ১৯৭২ সালের ৩০ জুন বেতার ও টেলিভিশনে একই সঙ্গে ১৯৭১-৭২ অর্থবছরের ছয়মাস এবং ১৯৭২-৭৩ অর্থবছরের বাজেট পেশ করেন। সেই হিসেবে স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট দুই অর্থবছরের। ৭৮৬ কোটি ৩৬ লাখ টাকার জায়গায় আগামী ২০১৪-১৫ অর্থবছরের বাজেটের আকার ২ লাখ ৫০ হাজার ২০ কোটি টাকা।

১৯৭২-৭৩ সালের বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছিলো ২৮৫ কোটি ৩৮ লাখ টাকা এবং ব্যয় ২১৮ কোটি ৪৩ লাখ টাকা। রাজস্ব খাতে উদ্বৃত্ত ছিলো ৬৬ কোটি ৯৫ লাখ টাকা।

এরপর অবশ্য উদ্বৃত্ত বাজেট হয়েছে খুবই কম, ঘাটতি বাজেট এখন একটা নিয়তিতে পরিণত হয়েছে।

স্বাধীনতার পর প্রথম বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য ধরা হয়েছিল ৩ ১৮ কোটি ৩ লাখ টাকা এবং পুনর্বাসন প্রয়োজনে ধরা হয় ১৮২ কোটি ৭ লাখ।

আগামী বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার ৮০ হাজার ৩১৫ কোটি টাকা।

খুব বেশিদিন নয়, ১৯৮১ সালের ৬ জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী সাইফুর রহমান ১৯৮১-৮২ অর্থবছরের জন্য যে বাজেট দেন তার আকার ছিলো ৪ হাজার ৬৭৭ কোটি টাকার।

তার দশ বছর পর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল  মোহাম্মদ আব্দুল মুনেম ১৯৯০ সালের ১৪ জুন জাতীয় সংসদে ১৯৯০-৯১ অর্থবছরের জন্য মোট ১২ হাজার ৯৬০ কোটি টাকার বাজেট পেশ  করেন।

আরো এক দশক পর অর্থাৎ ২০০২-০৩ অর্থবছরে বাজেটের আকার ছিল ৪২ হাজার ৭৫ কোটি টাকা। আর ২০১১-১২ অর্থবছরে এই আকার কয়েকগুন বেড়ে দাঁড়ায় ১ লাখ ৬১ হাজার ২১৩ কোটি টাকা।

এই সরকারের আগের মেয়াদে প্রথম বাজেট ছিল ১ লাখ ১০ হাজার ৫২৩ কোটি টাকার। এবার আড়াই লাখ কোটি টাকার বেশি।

বছর বছর বাজেটের আকার বৃদ্ধি প্রসঙ্গে মুহিত বলেন, “আমাদের অর্থনীতির আকার বেড়েছে। তারসঙ্গে বেড়েছে বাজেটের আকার।

“গত পাঁচ বছরে আমরা আমাদের অর্থনীতিকে যে উচ্চমার্গে নিয়ে গেছি- সেই ধারাবাহিকতা ধরে রাখতে হবে। দেশের মানুষও সেটা প্রত্যাশা করে।
“আর সেটা করতে গেলে তো বাজেটের আকার বাড়বেই। তবে শুধু ব্যয় নয়; আয়ও কিন্তু বেড়েছে।”

পরিসংখ্যান দিয়ে মুহিত বলেন, “২০০৯-১০ অর্থবছরে এনবিআর খাতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৬১ হাজার কোটি টাকা। নতুন বাজেটে সেটা আড়াই গুণ বাড়িয়ে প্রায় দেড় লাখ কোটি টাকা ধরেছি।”