‘অপূর্ণ প্রতিশ্রুতি পূরণের’ বাজেট আসছে
নতুন মেয়াদে আরো পাঁচ বছরের জন্য ক্ষমতায় বসে যে প্রথম বাজেট দিতে যাচ্ছে শেখ হাসিনার সরকার, তাতে প্রায় সাড়ে ৬৭ হাজার কোটি টাকার ঘাটতি থাকছে।
এ নিয়ে অষ্টমবারের মতো জাতীয় সংসদে বাজেট উত্থাপন করতে যাচ্ছেন আবুল মাল আবদুল মুহিত, যার সম্ভাব্য আকার ২ লাখ ৫০ হাজার ২০ কোটি টাকা।
এতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ১ লাখ ৮৪ হাজার কোটি টাকার মতো, তাহলে ঘাটতি থাকবে ৬৭ হাজার ৪৯৮ কোটি টাকা।
মঙ্গলবার শুরু হওয়া সংসদ অধিবেশনে বৃহস্পতিবার বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী মুহিত। সংসদে তার বাজেট ঘোষণা সরাসরি দেখা যাবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে।
দ্বিতীয় মেয়াদে শেখ হাসিনার সরকার পাঁচ বছরের জন্য দায়িত্ব নেয়ার পর এবারের বাজেটকে ‘প্রতিশ্রুতি পূরণের বাজেট’ বলেছেন অর্থমন্ত্রী নিজেই।
বাজেটের খুঁটিনাটি নিয়ে শেষ সময়ে ব্যস্ত থাকা মুহিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “আমার এবারের বাজেট হবে গত মেয়াদে অপূর্ণ প্রতিশ্রুতি পূরণের বাজেট।
“গত মেয়াদে আমরা যে সব কাজ শেষ করতে পারিনি তা এবার শেষ করতে চাই। আর এ বিষয়টি মাথায় রেখেই আমি আমার নতুন সরকারের প্রথম বাজেট দেব।”
‘বাজেট পাশের পর পরই পদ্মা সেতুর কাজ পুরোদমে শুরু হবে’ জানিয়ে মুহিত বলেন, “অনেক চেষ্টার পরও আমরা গত মেয়াদে দেশের সবচেয়ে বড় অবকাঠামো এই প্রকল্পটির নির্মাণ কাজ শুরু করতে পারিনি। এবার তিন-চার বছরের মধ্যেই এর সম্পূর্ণ কাজ শেষ করব।
“পদ্মা সেতু আমার স্বপ্ন। আমার এই স্বপ্ন পূরণ এবার নিজেদের অর্থেই করে ছাড়ব। একইসঙ্গে পূরণ করব দেশবাসীকে দেয়া আমাদের অন্যান্য ওয়াদা।”
পদ্মা সেতু নির্মাণের জন্য নতুন বাজেটের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) আট হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
প্রয়োজন পড়লে রাজস্ব বাজেট থেকেও অর্থ যোগান দেয়া হবে বলে জানান মন্ত্রী।
“ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ শেষ করতেও বাজেটে মোটা অংকের বরাদ্দ রাখা হবে। মেট্রোরেল,গভীর সমুদ্র বন্দরসহ বড় বড় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণেও নেয়া হবে নানা পদক্ষেপ।”
“মোট কথা আমার এবারের বাজেটকে আমি বিনিয়োগ বাড়ানোর চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে এসেছে। আশা করছি আগামীতে এ অবস্থা অব্যাহত থাকবে। দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে গ্যাস-বিদ্যুত, অবকাঠামো সব ক্ষেত্রেই বিশেষ নজর দেয়া হবে।”
আবুল মাল আবদুল মুহিত এরই মধ্যে জাতীয় সংসদে সাত বার বাজেট পেশ করেছেন। বৃহস্পতিবার উত্থাপন করবেন তার অষ্টম বারের বাজেট।
প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমান ছাড়া আর কারো এতো বার বাজেট পেশের রেকর্ড নেই। সামরিক সরকারের মন্ত্রীত্বের কলঙ্ক মোচনের সুযোগ পাওয়া, আমলা থেকে রাজনীতিক হওয়া মুহিত কৃতজ্ঞ তার দল আওয়ামী লীগ এবং সভানেত্রী শেখ হাসিনার প্রতি।
এ প্রসঙ্গে তিনি বলেন,“আমার সৌভাগ্য যে আমি টানা ছয়টি বাজেট দেওয়ার সুযোগ পাচ্ছি। সুস্থ থাকলে আরও পাঁচটি বাজেট দিয়ে যাব আশা করছি।”
বাজেটের আকার
২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার ২ লাখ ৫০ হাজার ২০ কোটি টাকা। এরই মধ্যে উন্নয়ন ব্যয় (এডিপি) ৮০ হাজার ৩১৫ কোটি টাকা চূড়ান্ত হয়েছে। অনুন্নয়ন ব্যয় প্রায় ১ লাখ ৭০ হাজার কোটি টাকা।
রাজস্ব আয়ের সম্ভাব্য আকার ১ লাখ ৮৪ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর থেকে আসবে ১ লাখ ৪৯ হাজার ৭২০ কোটি।
অনুদান ছাড়া বাজেটে সামগ্রিক ঘাটতি থাকছে ৬৭ হাজার ৪৯৮ কোটি টাকা।
বাজেটের আকার সম্পর্কে অর্থমন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার এবারের বাজেটের আকার হবে দুই লাখ ৫০ হাজার কোটি টাকার কিছু বেশি।”
তবে বাজেট প্রণয়ণের সঙ্গে জড়িত পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১৪-১৫ অর্থবছরের বাজেটের আকার হবে দুই লাখ ৫০ হাজার ২০ কোটি টাকা। ঘাটতি থাকবে ৬৭ হাজার ৪৯৮ কোটি টাকা।
কমছে ভর্তুকি
প্রস্তাবিত বাজেটে কৃষি, বিদ্যুতসহ অন্যান্য খাতে সবমিলিয়ে ভর্তুকি রাখা হচ্ছে ২৬ হাজার ৫৩ কোটি। চলতি অর্থবছরে ভর্তুকির পরিমাণ ছিল প্রায় ৩২ হাজার কোটি টাকা। অনুন্নয়ন ব্যয়ের আরেক বড় খাত সরকারি চাকুরেদের বেতন-ভাতার ব্যয় ধরা হয়েছে ৩০ হাজার ৮০৯ কোটি, ঋণের সুদ পরিশোধে ৩০ হাজার ৮০০ কোটি টাকা।
চলতি ২০১৩-১৪ অর্থবছরের জন্য দুই লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়। রাজস্ব বোর্ড উৎস থেকে কর আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয় এক লাখ ৩৬ হাজার ৯০ কোটি টাকা।
এক হাজার ২০০ প্রকল্পের বিপরীতে উন্নয়ন বাজেট ঘোষণা করা হয় ৬৫ হাজার ৮৭০ কোটি টাকার।
কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে রাজস্ব আদায়ে ঘাটতি পড়ায় কর আদায়ের লক্ষ্যমাত্রা কমিয়ে এক লাখ ২৫ হাজার কোটি টাকায় নামিয়ে আনে এনবিআর। এডিপি কাটছাঁট করে নামিয়ে আনা হয় ৬০ হাজার কোটি টাকায়।
বাজেট ঘাটতি
আগামী বাজেটে সামগ্রিক ঘাটতি (অনুদান ব্যতীত) ধরা হয়েছে ৬৭ হাজার ৪৯৮ কোটি টাকার মত, যা জিডিপির ৫ দশমিক ১ শতাংশ। এই ঘাটতির মধ্যে ২৪ হাজার ৪৯৮ কোটি টাকা মেটানো হবে বৈদেশিক ঋণ ও অনুদানের মাধ্যমে এবং বাকি ৪৩ হাজার কোটি টাকা অভ্যন্তরীণ ঋণের মাধ্যমে পূরণ করা হবে। এই অভ্যন্তরীণ ঋণের মধ্যে রয়েছে ব্যাংক ঋণ ও সঞ্চয়পত্র থেকে ঋণ।
চলতি বাজেটে অনুদান ব্যতীত সামগ্রিক ঘাটতি ধরা হয়েছিল ৫৫ হাজার ৩২ কোটি টাকা, যা জিডিপির ৪.৬ শতাংশ।
জিডিপি প্রবৃদ্ধি
নতুন বাজেটে জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৭ দশমিক ৩ শতাংশ। চলতি বাজটে ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের ঘোষণা দেয়া হয়েছিল। কিন্তু পরে তা সাড়ে ৬ শতাংশে নামিয়ে আনা হয়। বিশ্ব ব্যাংক, এডিবি, আইএমএফএসহ স্থানীয় অর্থনীতিবিদ পূর্বাভাস দিয়েছিলেন এবার প্রবৃদ্ধি ৬ শতাংশের নীচে নেমে আসবে। কিন্তু বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাময়িক হিসাবে চলতি অর্থবছরে ৬ দশমিক ১২ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হবে।
রাজস্ব আয়
২০১৪-২০১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব প্রাপ্তির লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ১ লাখ ৮৪ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে সরাসরি কর থেকে আদায় হবে ১ লাখ ৫১ হাজার ৭০০ কোটি টাকা। এনবিআরের বাইরে কর থেকে পাওয়া যাবে ৫ হাজার ২১০ কোটি টাকা এবং কর বহির্ভুত উৎস থেকে আসবে আরো ২৮ হাজার কোটি টাকা।
চলতি ২০১৩-১৪ অর্থবছরে মোট লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৬৭ হাজার ৪৫৯ কোটি টাকা। এর মধ্যে এনবিআর সংগ্রহ করার কথা ছিল ১ লাখ ৩৬ হাজার ৯০ কোটি টাকা। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে রাজস্ব আদায় পরিস্থিতি ভালো না থাকায় লক্ষ্যমাত্রা ১১ হাজার কোটি টাকা বা ৮.০৮ কমিয়ে ১ লাখ ২৫ হাজার কোটি টাকা করা হয়েছে।
গুরুত্বপূর্ণ খাত
সামাজিক নিরাপত্তা বেষ্টনীর পরিধি ও পরিমাণ বাড়ানো ছাড়াও এবারের বাজেটে গুরুত্ব পাবে রেল যোগাযোগ ও গ্রামীণ অবকাঠামোসহ সব ধরনের অবকাঠামো নির্মাণ প্রকল্প। এর জন্য বিশেষ বরাদ্দ রাখার পরিকল্পনাও আছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
সরকারের অগ্রাধিকারভিত্তিক ৭টি মেগা প্রকল্প বিশেষ গুরুত্ব পাচ্ছে নতুন বাজেটে। এগুলো হচ্ছে পদ্মা সেতু, সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর, এলএনজি টার্মিনাল, কয়লাভিত্তিক বড় বিদ্যুৎকেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, এশিয়ান হাইওয়ে ও মেট্রোরেল প্রকল্প।
এর পাশাপাশি মানবসম্পদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ ও জ্বালানি এবং যোগাযোগে সর্বাধিক বরাদ্দ থাকবে।
জেলা বাজেট
এবার সাতটি জেলা বাজেট দেবেন অর্থমন্ত্রী। জেলা সাতটি হচ্ছে- অর্থমন্ত্রীর নিজের জেলা সিলেট, খুলনা, চট্টগ্রাম, টাঙ্গাইল, বরিশাল, রাজশাহী এবং রংপুর।
বাজেটে উপস্থাপনের দিন অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা, বাজেটের সংক্ষিপ্তসারসহ অন্যান্য নথির সঙ্গে ‘জেলাভিত্তিক বাজেট বরাদ্দ, ২০১৪-১৫ (সিলেট, খুলনা, চট্টগ্রাম, টাঙ্গাইল, বরিশাল, রাজশাহী ও রংপুর জেলা)’ শীর্ষক একটি বই সরবরাহ করা হবে।
মূল্যস্ফীতি
প্রস্তাবিত বাজেটে গড় মূল্যস্ফীতি ৬ শতাংশের মধ্যে রাখার পরিকল্পনা নেয়া হয়েছে। চলতি বাজেটে ৭ শতাংশের মধ্যে রাখার পরিকল্পনা ছিল। এপ্রিল শেষে গড় মূল্যস্ফীতির হার ছিল ৭ দশমিক ৪৭ শতাংশ।
বাজেট এক নজরে
বাজেটের আকার | ২ লাখ ৫০ হাজার কোটি টাকা |
রাজস্ব লক্ষ্যমাত্রা | ১ লাখ ৮৪ হাজার কোটি টাকা |
| বাজেট ঘাটতি | ৬৭ হাজার ৪৯৮ কোটি টাকা বা জিডিপির ৫.১% |
| ভর্তুকি | ২৪ হাজার ৫৩ কোটি টাকা |
জিডিপি লক্ষ্যমাত্রা | ৭.৩ শতাংশ |
| গড় মূল্যস্ফীতি | ৬ শতাংশের নিচে |
