২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনিয়োগকারীদের দুর্ভাবনা দূর করতে হবে: মোস্তফা কামাল

অর্থনীতিকে উচ্চ প্রবৃদ্ধির ধারায় নিতে বড় ধরনের বিনিয়োগের ওপর জোর দিয়ে এজন্য বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে উদ্যোগ নেয়ার পরামর্শ দিয়েছেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শেখ আবদুল্লাহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2014, 06:26 PM

Updated : 22 Aug 2022, 06:23 PM

২০১৪-১৫ অর্থবছরের বাজেট ঘোষণার আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেয়া এক সাক্ষাৎকারে সরকারের প্রতি এই পরামর্শ রাখেন নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ বিভিন্ন সেবা খাতে ১৯টি কোম্পানির সমন্বয়ে গঠিত গ্রুপটির কর্ণধার।

মোস্তফা কামাল বলেন,“চলতি অর্থবছরের প্রথমার্ধে সহিংস রাজনীতির কবলে পড়ে অর্থনীতি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন রাজনৈতিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল, যার ইতিবাচক প্রভাব অর্থনীতিতে পড়ছে। কিন্তু বিনিয়োগকারী ও ভোক্তা পর্যায়ে এখনও দুর্ভাবনা ও অনিশ্চয়তা রয়ে গেছে। এই অনিশ্চয়তা কাটাতে হবে।”

আগামী বাজেটে সরকার সেই ধরনের উদ্যোগ নেবে বলে আশাবাদী খুচরা পর্যায়ের ব্যবসাকে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে রূপ দেয়া এই উদ্যোক্তা।

রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন এবং উদ্যোক্তাদের সহযোগিতা বাড়ানোর ওপরও জোর দেন মোস্তফা কামাল। 

“সেজন্য আবার কর হার বাড়ানো যাবে না, বাড়াতে হবে করের আওতা। কর্পোরেট ট্যাক্সও কমাতে হবে।”

টাকা সাদা করার সুযোগ দেয়ার বিরোধিতা বিভিন্ন থাকলেও তাতে একমত নন এই শিল্পোদ্যোক্তা।

“কালো টাকাকে অর্থনীতির মূলধারায় বিনিয়োগের ব্যবস্থা করতে হবে। এতে বিনিয়োগ ও সরকারের আয় দুটোই বাড়বে।”

বিনিয়োগকারীরা যেন দীর্ঘমেয়াদে সিদ্ধান্ত নিতে পারেন, সেই ভরসার দিক-নির্দেশনা নতুন সরকারের প্রথম বাজেটে প্রত্যাশা করছেন মোস্তফা কামাল।

সবকিছুর আগে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, “বিনিয়োগের সঙ্গে কর্মসংস্থান ও প্রবৃদ্ধির যোগসূত্র রয়েছে। এজন্য বিনিয়োগকে প্রাধান্য দিতে হবে। এর জন্য প্রথমে দরকার বিনিয়োগবান্ধব পরিবেশ। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি, পরিবহন ও যোগাযোগ এবং মানবসম্পদ উন্নয়নে সরকারকে উদ্যোগ নিতে হবে।”

তেল, চিনি, আটার মত পণ্যের বহুস্তর ভ্যাট ব্যবস্থা প্রত্যাহার করে এক জায়গা থেকে ভ্যাট আদায়ের ব্যবস্থা করার পরামর্শ দেন তিনি।

“বিভিন্ন স্তরে ভ্যাট আদায় করায় নানান জটিলতায় পড়তে হয় আমাদের। সময় যেমন বেশি লাগে, তেমনি বিড়ম্বনাও বেশি। আবার টার্নওভার ট্যাক্স দিতে হচ্ছে। এতে ট্যাক্স অন ট্যাক্স হচ্ছে। ভোক্তারা ক্ষতির মুখে পড়ছেন।”