বিনিয়োগ বাধা কাটাতে বাজেট চান জায়েদ বখত
অর্থনৈতিক উন্নয়নের জন্য বেসরকারি বিনিয়োগ বাড়ানোটাই প্রধান চ্যালেঞ্জ মন্তব্য করে বিনিয়োগ বাড়াতে বাজেটের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন জ্যেষ্ঠ একজন অর্থনীতিবিদ।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডএস) গবেষণা পরিচালক জায়েদ বখত মনে করেন, সড়ক, বন্দর ও বিদ্যুৎ-গ্যাসের মতো ভৌত অবকাঠামোর দুর্বলতার কারনেই বেসরকারি বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে এবং বাজেটে বরাদ্দের মাধ্যমেই এসব সমস্যার সমাধান করা দরকার।
২০১৪-২০১৫ অর্থবছরের জন্য ৫ জুন সংসদে বাজেট পেশ করার কথা রয়েছে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের, যে বাজেটের আকার আড়াই লাখ কোটি টাকা হতে পারে।
বাজেট নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে নিজের ভাবনা তুলে ধরেন ভৌত অবকাঠামো উন্নয়ন নিয়ে অনেক গবেষণার পরিচালক জায়েদ বখত।
জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশে নিয়ে যেতে হলে জিডিপির প্রায় ৩০ শতাংশ বিনিয়োগ প্রয়োজন বলে অনেক অর্থনীতিবিদ মনে করেন।
বিনিয়োগ বোর্ডের হিসাবে, ২০১২-২০১৩ অর্থবছরে দেশে বিনিয়োগ হয়েছে জিডিপির ১৯ দশমিক ৫৪ শতাংশ।
এর আগে অর্থমন্ত্রীও বলেছেন, “গত পাঁচ বছরে আমাদের দুর্বলতা হলো, বিনিয়োগ প্রবৃদ্ধি লিমিটেড হয়েছে। এইখানে আমরা একটা বড় ধরণের উদ্যোগ চাই। এটা কমপক্ষে ৩২ শতাংশ হতে হবে।”
জায়েদ বখত মনে করেন, বেসরকারি বিনিয়োগ না বাড়ার পেছনে রাজনৈতিক ও অর্থনৈতিক কারণ রয়েছে। তবে অর্থনৈতিক কারণগুলো বাজেটের মাধ্যমে সমাধান করার সুযোগ রয়েছে।
“বিনিয়োগ পরিবেশ যে কারণে বিঘ্নিত হচ্ছে তার মধ্যে একটা কারণ হলো- ভৌত অবকাঠামোর সমস্যা। এগুলো গত পাঁচ বছরে যতটা উন্নত হওয়ার কথা ছিল, ততটা হয়নি।
“ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে চারলেনে উন্নীত করা ও বন্দরের উন্নয়ন তেমন হয়নি। বিদ্যুতের সাময়িক সমাধান হয়েছে, কিন্তু মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি কাজ বাকী রয়ে গেছে। রেন্টালগুলো মিডিয়াম টার্মের জন্য খুব ফিজিবল না। লংটার্মের জন্য যে বিনিয়োগ করতে যাবে, সে যখন বিদ্যুতের পরিস্থিতি দেখবে তখন অত আশান্বিত হবে না।”
এই শিল্পনীতি বিশেষজ্ঞ বলেন, গ্যাসের পরিস্থিতিও খুবই খারাপ। গ্যাস অনুসন্ধান, উৎপাদন ও বিতরণ যে পরিমাণ হওয়ার কথা তার চেয়ে অনেক কম হচ্ছে। বড় বিনিয়োগের জন্য গ্যাসের যে প্রয়োজন রয়েছে সেখানটাতেও বিনিয়োগকারী খুব আশান্বিত হতে পারছেন না।
দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন ক্ষমতা ১০ হাজার মেগাওয়াটের বেশি হলেও বর্তমানে উৎপাদন হচ্ছে ৭ হাজার মেগাওয়াটের কাছাকাছি। সংযোগ থাকা গ্রাহকের চাহিদা পূরণ করতে গিয়েই হিমশিম খেতে হচ্ছে বিদ্যুৎ বিভাগকে, যা পূরণ করার জন্য নিয়মিতই লোডশেডিং দিতে হচ্ছে।
গ্যাসের উৎপাদনেও একই অবস্থা। প্রতিদিন প্রায় ২৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হলেও সংযোগ থাকা গ্রাহকের মধ্যেই তা চাহিদা রয়েছে আরো প্রায় ৫০০ মিলিয়ন ঘনফুটের।
এদিকে বেসরকারি বিনিয়োগ কমে সরকারি বিনিয়োগের ওপর নির্ভরতা বাড়ায় বিনিযোগ মান নিয়েও প্রশ্ন তুলেছেন জায়েদ বখত।
বেসরকারি বিনিয়োগ নিয়ে হতাশা আছে অর্থমন্ত্রীরও।
জায়েদ বখত বলছেন, “যেহেতু বেসরকারি বিনিয়োগ স্থবির হয়েছে, গত কয়েক বছরে সরকারি বিনিয়োগ একটা বড় ভূমিকা রেখেছে। আগামীতেও সরকারি বিনিয়োগ একটা বড় ভূমিকায় থাকবে। সেই ধারাবাহিকতায় সরকার একটা বড় বাজেট, বড় বার্ষিক কর্মসূচিতে যাবেন।
“বড় বাজেট দরকার, কিন্তু তারচেয়েও বেশি দরকার সরকারি ব্যয়ের গুনগত মান বাড়ানো। এই ব্যাপারে খুব সচেতনতা দেখা যাচ্ছে না। রাজনৈতিক বিবেচনায় বেশি প্রকল্প নেয়া। সবগুলোতে একটু একটু করে বরাদ্দ দেওয়া-যার ফলে দীর্ঘসূত্র দেখা দেয়, প্রথম দশমাসে কম হলেও শেষ দুমাসে খুব তাড়াহুড়ো করে বাস্তবায়ন করা।
“সরকারি বিনিয়োগ বাড়াতে হবে, তবে একদিকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার সঙ্গে এটা বাস্তবসম্মত হতে হবে, বাস্তবায়নের সক্ষমতার সঙ্গেও একটা মিল থাকতে হবে।”
বিনিয়োগ বাড়ানোর জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার ওপরও গুরুত্ব আরোপ করেন এই গবেষক।
“সরকার বিভিন্ন সময় স্পেশাল ইকনোমিক জোন টোনের কথা বলেছেন, কিন্তু এইগুলোর অগ্রগতি মোটেই সন্তোষজনক না। আগামী বাজেটে এইটার ওপও গুরুত্ব দেওয়া উচিত। যে প্রকল্পগুলো আছে, সেগুলোতে বেশি বরাদ্দ দিয়ে দ্রুত বাস্তবায়ন করা দরকার।”
এছাড়া বিনিয়োগের ক্ষেত্রে হলমার্ক কেলেঙ্কারির মতো ঘটনাও আর্থিক খাতের জন্য নেতিবাচক প্রভাব সৃষ্টি করেছে বলে মনে করেন এই বিনিয়োগ বিশেষজ্ঞ।
“আরেকটা ঘটনা বেসরকারি বিনিয়োগকে বাধাগ্রস্ত করছে, সেটা হলো হলমার্ক পরবর্তী আর্থিক খাতের সমস্যাগুলো। একটা আস্থার অভাব তৈরি হয়েছে আন্তব্যাংক লেনদেনে। এইখানে সরকারের কিছু করণীয় আছে, শুধু ব্যাংকের ওপর ছেড়ে দিলে চলবে না। ব্যাংকগুলো সিদ্ধান্ত গ্রহণে দ্বিধান্বিত, যে কখন দুর্নীতি দমন কমিশনের মুখোমুখি হতে হয়।
“তাই এখানে সরকারকে ইনভলবড হয়ে সমস্যাগুলো সমাধান করতে হবে। সেখানে কিছু বাজেটারি সহায়তা থাকতে হবে।”
