২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোটি কোটি বার জন্ম নিতে চাই, বসন্ত

জীবন বিকাশ

Published : 15 Jan 2011, 04:21 PM

Updated : 03 Oct 2022, 05:02 PM

কোটি কোটি বার জন্ম নিতে চাই, বসন্ত
— মহাদেব সাহা

শীত শেষ হওয়ার আগেই এবার আমার বসন্ত, বহুদুরে
শীতের দেশে তার জন্ম,
আমি তার নাম দিয়েছি ভালোবাসার পংক্তিমালা,
ওই তো পথের ধারে বিলবোর্ডের গায়ে ফুটে আছে বসন্ত, ওই তো
বসন্ত গুনগুন করছে বইমেলায়
ওই তো ১৪ই ফেব্রুয়ারি হেঁটে যাচ্ছে একদল হলুদ শাড়ি
যামিনী রায়ের ছবির মতো ফুল ফুটেছে তার খোঁপায়
আমি এই বসন্তের কাছেই একদিন লিখেছি 'যাও পাখি বলো তারে' ।

কোথায় ছিল এই বসন্ত, ভোরবেলার শিশিরের মতো
এই কচিমুখ
এই আকাশ রাঙ্গিয়ে দেওয়া হলুদবাটা
হাত?
বহুদিন আমি এই বর্ষা আর বসন্তের যৌথ উৎসব
দেখার অপেক্ষায় আছি;

এখনো তাই বসন্তের কথা বলতেই আমার চোখ ভিজে ওঠে
দেখি কেমন সুখ শব্দটি সব অভিধান জুড়ে আছে
দেখি বৈষ্ণব কবিতার মতো বুক-পকেটে গুনগুন করছে মৌমাছি,
তোমার জন্য আমি আরো কোটি কোটি বার
জন্ম নিতে চাই, বসন্ত ।

Image
কাঁচা রোদের মতো তার মিষ্টি মুখের জন্য/আমি কোটি কোটি বার জন্ম নিতে চাই