স্মৃতিচারণ…
একটা গল্প বলি, ধরে নিন যাকে কেন্দ্র করে এই ঘটনা তার বয়স এখন সাতাশ। আজ থেকে বিশ বছর আগে তার বয়স তাহলে কত ছিল? বছর সাতেক। ছেলেটির বাবার বদলি চাকুরীর সুবাদে তারা তখন থাকতো ছোট্ট এক গ্রামের দিকে, আপনারা বড়জোর ওই জায়গাটিকে মফস্বল বলতে পারেন। ছেলেটি খুবই দুরন্ত থাকার কারণে তার মা তাকে বাসার কাছের বাজারের স্কুলে দিতে ভরসা পেতেন না। কারণ, রাস্তা পার হওয়ার একটা ঝামেলা কিংবা ব্যাপার ছিল। তাই তাকে তার আরো দু ভাইবোনসহ ভর্তি করানো হল বাসার কাছের বাজারের স্কুলের বদলে গ্রামের ভেতরে এক স্কুলে। বাসা থেকে রোজ পায়ে হেটে দু'মাইল ভেতরে স্কুলে যেত সে, আসা যাওয়ার মধ্যে গ্রামের গলি-উপগলিতে অনেক সংক্ষিপ্ত রাস্তা আবিষ্কার করে ফেলেছিল ছেলেটি। এরকমই এক সংক্ষিপ্ত পথ দিয়ে তার এক বন্ধুর সাথে আসছে সে। ওই সংক্ষিপ্ত পথের মধ্যে অনেক কাদাময় রাস্তা ছিল, তুমুল বর্ষাকাল। আশেপাশে যত পুকুর আছে সবই জলে টইটম্বুর। ছেলেটি এরকম এক পুকুরের কাছ দিয়ে হাঁটছিল আর তার কয়েক কদম সামনে থাকা বন্ধুর সাথে গল্প করছিল।
হঠাত ছেলেটি পা পিছলে পুকুরে পড়ে গেল। আচ্ছা মাঝখানে বলে নেই, ছেলেটি কিন্তু সাতার জানতো না। জলে নেমেই ছেলেটি ডুবে যেতে লাগলো তার মুখ দিয়ে কোন আওয়াজ বের হচ্ছিল না। তার হাতটি শুধুমাত্র একটু করে পানির উপর ভেসে ছিল। শরীর পানির নিচে আর ছোট্ট হাতের একটুখানি পানির ওপর। তার বন্ধুটি যে সামনে ছিল ধরে নেই বন্ধুটির নাম মছনু, কথায় কোন জবাব না পেয়ে পিছনে তাকাল। পেছনে তাকিয়ে সে কিছুক্ষণ হতবাক হয়ে তাকিয়ে থাকলো। কিন্তু মুহুর্তের মধ্যেই মছনুর মধ্যে এসে সৃষ্টিকর্তার কোন ফেরেস্তা কিংবা সরাসরি প্রদত্ত অসীম কোন শক্তি এসে ভিড় করলো। সে তার হাতের বইপত্র ফেলে পায়ের স্যান্ডেলখানা একপাশে ছুড়ে দিয়ে জলে নেমে গেল। তারপর এক বিশাল ঘাসের ছোবড়া একহাত দিয়ে প্রথমে তার নিজের ভারসাম্য আনলো আর একহাত নিজের বন্ধুর দিকে বাড়িয়ে বললো "রাজন, তুই আমার হাত ধর, হাত ধর। " তখন রাজনও স্রষ্টার ইশারায় কিংবা নিজের বাঁচার তাগিদে সেই স্রষ্টাপ্রদত্ত রিফ্লেক্স একশনের মাধ্যমে বন্ধুর হাত ধরে জলের উপর উঠে এলো। আজ প্রায় বিশ বছর পর এক পুকুর দেখে রাজনের ওই ঘটনাটা খুব মনে পড়ছে, আর আবারো বন্ধুকে মনে মনে অসীম কৃতজ্ঞতা জানাচ্ছে। হঠাত করে রাজনের মনে হল পুরনো বন্ধুর সাথে অনেকদিন দেখা,কথা হয়না।সে তখন সেলফোন হাতে নিয়ে বন্ধুর নাম্বার বের করলো……………।
