২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অগ্রণী ব্যাংকে চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে দিনব্যাপী কর্মশালা

সাকিব জামাল

Published : 14 Mar 2022, 06:25 PM

Updated : 22 Jul 2022, 03:32 AM

সামগ্রিকভাবে চতুর্থ শিল্প বিপ্লবের সাথে ব্যাংকিং সেক্টরের অগ্রগতি, সমৃদ্ধি অর্জন ও চ্যালেঞ্জসমূহ মোকাবিলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের সমন্বয়ে  এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট।

গত ৪ মার্চ  'ফোর্থ ইনডাস্ট্রিয়াল রেভুল্যুশন প্রিপেয়ার্ডনেস অ্যান্ড চ্যালেঞ্জেস'  শিরোনামে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় চতুর্থ শিল্প বিপ্লবের ইতিহাস, প্রেক্ষাপট, বিবর্তন ও গুরুত্ব সম্পর্কে আলোচনা ও ব্যাখা বিশ্লেষনসহ এ বিষয়ে সম্ভাব্য চ্যালেঞ্জ ও তা উত্তরণের কৌশল নিয়ে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত আলোচনা করা হয়।

আর্থিক সেবার মান উন্নয়ন ও কুইক সার্ভিস নিশ্চিতকরণের লক্ষ্যে ব্যাংকিং ইন্ডাস্ট্রির ভবিষ্যত কর্ম পরিকল্পনা কেমন হওয়া উচিৎ তা সরকারের রূপকল্প অনুসারে ও বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় দ্রুত বাস্তবায়নের নির্দেশনা প্রদান করা হয় এবং প্রান্তিক জনগণের কাছে চতুর্থ শিল্প বিপ্লবের সুফল পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করতে প্রশিক্ষণার্থীদের ইনোভেটিভ হওয়ার পরামর্শ দেওয়া হয় কর্মশালা থেকে।

এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সিস্টেম ম্যানেজার (মহাব্যবস্থাপক)  মো. আমির হোসেন পাঠান।  প্রধান আলোচক ছিলেন এটুআই ন্যাশনাল কনসালট্যান্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপ সচিব গোলাম মোহাম্মদ ভূঁইয়া।

এছাড়াও বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক এনামুল মাওলা এবং বাংলাদেশ ব্যাংকের সিস্টেম এনালিস্ট  এস এম তোফায়েল আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক লিমিটেডের সিআইটিও মো. শাহীনূর রহমান।

সারা বাংলাদেশ থেকে অগ্রণী ব্যাংক লিমিটেডের ৪৪ জন কর্মকর্তা এতে অংশগ্রহণ করেন। কর্মশালাটি সমন্বয়ের দায়িত্ব পালন করেন অগ্রণী ব্যাংকের আইটি অ্যান্ড এমআইএস ডিভিশনের সিনিয়র প্রিন্সিপাল অফিসার জয়দেব হালদার।