বিদ্যুৎ খাতে চাকরির সুযোগ ও প্রস্তুতি কৌশল
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ খাত সংস্কার নীতিমালা অনুযায়ী বিদ্যুৎ সেক্টরকে বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। বিদ্যুৎ যে কোনো দেশের শিল্প, ব্যবসায় বাণিজ্য এবং আর্ত্মসামাজিক উন্নয়নে আবশ্যক উপাদান বিবেচনায় সরকার পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান তৈরি করেছে। বিদ্যুৎ খাতে বর্তমান সরকারের রয়েছে অভাবনীয় সাফল্য।
বাংলাদেশ সরকারের বিদ্যুৎখাত উন্নয়ন ও সংস্কার কর্মসূচীর অংশ হিসেবে বিদ্যুৎ সেক্টর বিভাজনসহ বিদ্যুৎ উৎপাদন, পরিচালন ও বিতরণ ব্যবস্থায় সিস্টম লস কমিয়ে আনা ও আর্থিক অবস্থা শক্তিশালী করতে কোম্পানি আইনের অধীনে কতগুলো প্রতিষ্ঠানকে সরকারি সংস্থা হিসেবে গড়ে তুলেছে। প্রতিষ্ঠানগুলো বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে কাজ করছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড, নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড, বি-আর পাওয়ারজেন লিমিটেড (বিআরপিএল), রুরাল পাওয়ার কোম্পানি লিঃ, কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড, ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (ইজিসিবি) বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান।
পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেড বিদ্যুৎ সঞ্চালনের দায়িত্বে থাকা একমাত্র প্রতিষ্ঠান। বিতরণকারী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে পল্লী বিদ্যুৎ সমিতিগুলো, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেড, ওয়েস্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) লিমিটেড কাজ করে।
এছাড়াও বিদ্যুৎ সেক্টরে সরকারি-বেসরকারি যৌথ মালিকানাধীন একাধিক বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে এবং রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের কাজ চলমান রয়েছে।
শূন্যপদ সাপেক্ষে প্রতি বছর প্রতিষ্ঠানগুলো জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে।
নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন পদ্ধতি
বিদ্যুৎ খাতের উৎপাদন, সঞ্চালন ও বিতরণ সংস্থাসমূহে এনট্রি লেভেলে সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/সিভিল), সহকারী ব্যবস্থাপক (এইচআর/এডমিন/অর্থ ও হিসাব/অডিট/কোম্পানি সচিবালয়/আইসিটি/কেমিক্যাল/পরিবেশ/স্টোর/নিরাপত্তা), উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/সিভিল/পাওয়ার), জুনিয়র সহকারী ব্যবস্থাপক (এইচআর/এডমিন/অর্থ ও হিসাব/অডিট/আইসিটি/কেমিক্যাল/পরিবেশ/স্টোর/নিরাপত্তা) হিসেবে লোক নিয়োগের জন্য শূন্য পদের বিপরীতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
শিক্ষাগত যোগ্যতা হিসেবে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি এবং উপসহকারী প্রকৌশলীর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা চাওয়া হয়। প্রতিষ্ঠানভেদে টেলিটক বাংলাদেশ লিঃ অথবা নিজস্ব ব্যবস্থাপনায় আবেদন পত্র জমা নিয়ে থাকে। আবেদন ফি হিসেবে ১০০০-১৫০০ টাকা পর্যন্ত নেওয়া হয়।
সুযোগ-সুবিধা
চুড়ান্তভাবে নিয়োগ প্রাপ্ত সহকারী প্রকৌশলী/সহকারী ব্যবস্থাপকগণ মূল বেতন হিসেবে ৫২,০০০.০০ টাকা (বিতরণকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে-৫১,০০০.০০ টাকা), উপ-সহকারী প্রকৌশলী/ জুনিয়র সহকারী ব্যবস্থাপকগণ মূল বেতন হিসেবে ৪০,০০.০০ টাকা (বিতরণকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে-৩৯,০০০.০০ টাকা); বাড়ি ভাড়া হিসেবে মূল বেতনের ৬০ শতাংশ থেকে ৪০ শতাংশ, যাতায়াত ভাতা, ইলেকট্রিসিটি ভাতা, টেলিফোন বিল এবং বিদ্যুৎ কেন্দ্র কর্মরত কর্মকর্তাগণ পাওয়ার প্ল্যান্ট ভাতা পেয়ে থাকেন।
ঈদ বোনাস/উৎসব বোনাস, নববর্ষ বোনাস, স্থায়ীভাবে নিয়োগ প্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীগণ তিন বছর অতিবাহিত হওয়ার পর গ্র্যাচুয়িটি (কর্মরত প্রতি বছরের জন্য সর্বশেষ মূল বেতনের ২.৫ গুন), অংশগ্রহণ মূলক প্রভিডেন্ট ফান্ড থেকে সুবিধাদি প্রাপ্ত হন। এছাড়াও প্রতিবছর প্রতিষ্ঠানের লভাংশের অংশ, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ/কেপিআই) বোনাস প্রদান করা হয়। প্রতিষ্ঠানভেদে নির্বাহী প্রকৌশলী/ব্যবস্থাপক পদ হতে প্রতিষ্ঠান কর্তৃক সার্বক্ষণিক গাড়ি সুবিধা দেওয়া হয়। কিছু ব্যতিক্রম ছাড়া সকল প্রতিষ্ঠানে সময়মত পদোন্নতি হয়। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণ সরকারী রাজস্বখাত অনুযায়ী বেতন ভাতাসহ অন্যান্য সুবিধা পেয়ে থাকেন।
লিখিত পরীক্ষার মান বণ্টন ও পরীক্ষা পদ্ধতি
লিখিত পরীক্ষায় বিষয় ভিত্তিক (পদ ভিত্তিক), বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও পাওয়ার সেক্টর সম্পর্কিত, মানসিক দক্ষতার উপর পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষাগুলো বিশ্লেষণ করলে দেখা যায় বিষয় ভিত্তিক ৪০, বাংলা ও ইংরেজি ২০, সাধারণ জ্ঞান ও পাওয়ার সেক্টর সম্পর্কিত ২০ এবং মানসিক দক্ষতায় ২০ সহ সর্বমোট ১০০ নম্বরের লিখিত পরীক্ষা হয়। প্রতিষ্ঠানভেদে এমসিকিউ এবং লিখিত বা শুধুমাত্র লিখিত পরীক্ষা নেওয়া হয়।
নিয়োগ পরীক্ষা ও চূড়ান্ত নিয়োগ
আবেদনের পর নিয়োগকারী প্রতিষ্ঠান সুবিধাজনক সময়ে তৃতীয় কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে লিখিত পরীক্ষা নিয়ে থাকে। সাধারণত আইবিএ (ঢাকা বিশ্ববিদ্যালয়), ব্যবসায় শিক্ষা অনুষদ (ঢাকা বিশ্ববিদ্যালয়), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), মিলিটারী ইনস্টিটিউট অফ সাইন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) পরীক্ষা নিয়ে থাকে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়। লিখিত ও মৌখিক পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা, পুলিশ ভেরিফিকেশনের ফলাফলের ভিত্তিতে প্রার্থীকে চূড়ান্ত ভাবে (অন প্রবেশন) নিয়োগ দেওয়া হয়। কর্মকর্তাকে প্রতিষ্ঠানের প্রধান অফিস, বিদ্যুৎ কেন্দ্র, বিক্রয় ও বিতরণ কেন্দ্রে পদায়ন করা হয়।
