‘নিজেই নিজের প্রেরণা’ ওয়ার্ল্ড ইয়ুথ আর্মি সংগঠনের আয়শা আক্তার ইতি
দেশে করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়তে শুরু করলে অনেকেই নানা শঙ্কায় উদ্বিগ্ন হয়ে ওঠেন। এই অসহায় সময় সব ভয়কে জয় করে মানুষের পাশে দাঁড়াতে কাজ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আয়শা আক্তার ইতি।
তার সাথে একদিন আলাপের সুযোগ হল। আয়শা আক্তার ইতির কাছ থেকেই বিস্তারিত জানলাম মহামারীর এই সময়ে তার সামাজিক উন্নয়ন ও মানব কল্যাণমূলক কাজের কথা।
ছবি – আব্দুর রহমান রাহাত
নোয়াখালীতে ওয়ার্ল্ড ইয়ুথ আর্মি সংগঠন গড়ে তোলার প্রেক্ষিত জানিয়ে তিনি বলেন, "আমরা করোনাভাইরাস আক্রান্তের হার যখন বেশি ছিল সে সময়ে সবচেয়ে বেশি কাজ করেছি। এর আগে ব্যক্তিগত উদ্যোগে বা অন্য সংগঠনের সাথে যে কাজগুলো করেছি, শীতবস্ত্র বিতরণ, পথশিশু শিক্ষা, পরিবেশ সংরক্ষণ , বৃদ্ধাশ্রমে অসহায় বাবা-মাকে ঈদ উপহার দিয়েছি বিভিন্ন সময়।
"করোনাভাইরাসের এই সময়ে নিজের গ্রামের মানুষের কষ্ট দেখে প্রথম ভাবলাম দুই-চারজনকে সহায়তা করবো বন্ধুরা মিলে। কিন্তু মানুষ এতটাই অসহায় ছিল যে, কয়েকজন বন্ধু মিলে কিছু করার মত না। পরবর্তীতে ওয়ার্ল্ড ইয়ুথ আর্মি নামে সংগঠন গড়ে তুলি বিশ্ববিদ্যালয় শিক্ষক ও বড় ভাই-আপুদের পরামর্শে। তারপর থেকে গ্রামে গ্রামে গিয়ে আমরা অসহায় মানুষের লিস্ট করতাম, ফান্ড কালেক্ট করে তাদের জরুরি খাদ্য সহায়তা, যাদের চাকরি গেছে তাদের আর্থিক সহায়তা, চিকিৎসা সহায়তা, রোজা ও ঈদে উপহার বিতরণ, জনসচেতনতা বিষয়ক ক্যাম্পেইন 'মাস্ক আপ বাংলাদেশ' করেছি।"
শুরুতে মোটে কয়েকজন ভলান্টিয়ার নিয়ে কাজ শুরু করলেও পরে ১৪ জেলায় প্রায় ২৫ জন ভলান্টিয়ারের মাধ্যমে ৭০০ পরিবারের কাছে জরুরি সহায়তা পৌঁছে দিতে পেরেছেন তারা বলে জানালেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী।
তিনি বলেন, "আমাদের মাস্ক আপ বাংলাদেশ ক্যাম্পেইন এখনো চলছে, মানুষকে মহামারীর দ্বিতীয় ধাপ সম্পর্কে সচেতন করার লক্ষে আমরা বর্তমানে ক্যাম্পেইনটি পরিচালনা করছি। কাজ করছি সমাজের অবহেলিত শ্রেণির মানুষদের নিয়ে।"
ছবি – আব্দুর রহমান রাহাত
দেশে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ থাকলেও অনলাইন ক্লাস ও পড়াশোনা চালু রয়েছে। তবে লকডাউন ও মহামারী পরিস্থিতিতে উপার্জনে স্থবিরতায় অনেক ভাবেই সঙ্কটে ফেলছে পড়ালেখা চালু রাখাকে। এসব পরিস্থিতিতেও এগিয়ে এসেছেন আয়শা আক্তার ইতি।
"আমি চেয়েছি গ্রাম ও শহরের যে সকল শিক্ষার্থী পড়াশোনার প্রয়োজনীয় উপকরণ কিনতে পারছে না তাদের সেই উপকরণ উপহার দেওয়া, যাতে তারা পড়াশোনা না থামিয়ে দেয়। শিক্ষা উপকরণ উপহার প্রজেক্টে আমরা বিভিন্ন কলম-খাতা জাতীয় কোম্পানিগুলোর সাথে কাজ করারও চিন্তা-ভাবনা করছি । এছাড়াও সমাজের বিত্তবান ও স্থানীয় প্রশাসনের সহায়তা নিতে চাচ্ছি", বলেন তিনি।
নিজেই নিজের অনুপ্রেরণা জানিয়ে আয়শা আক্তার ইতি বলেন, পরিবারকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বড় ভাই-বোন, সহপাঠী ও বিভিন্ন ক্লাবের মানুষজনকে সবসময়ই পাশে পেয়েছেন তিনি।
মহামারীতে সমাজের অসহায় মানুষের জন্য কাজ করার সম্মাননাও পেয়েছেন এই তরুণী। জয় করছেন জয় বাংলা ইয়ুথ আ্যাওয়ার্ড ২০২০। গত ১৭ নভেম্বর প্রধানমন্ত্রীর আইটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বিজয়ীদের নাম ঘোষণা করেন। এই অ্যাওয়ার্ডের দ্বিতীয় পর্বে করোনাভাইরাস প্রতিরোধে জরুরি কার্যক্রমে পুরস্কার পেয়েছে নোয়াখালীর এই সংগঠনটি।
মানবিক সমাজ গঠনের স্বপ্ন দেখা আয়শা আক্তার ইতি বলেন, আগামীতে দুস্থ নারীদের সাবলম্বীকরণ ও অবহেলিত শ্রেণির পরিবারের শিশুদের মৌলিক অধিকার নিয়ে কাজ করার ইচ্ছাও রয়েছে তাদের।
