দেশি ধানের গল্প
বিষয়টা গল্পের মধ্যদিয়ে বলি। কৃষক পরিবারের সন্তান হিসেবে শৈশবে ভাতের পাতে নানারকম বৈচিত্র্য দেখেই বড় হয়েছি। যেমন- ঘরে মাংস রান্না হলে পর্বতজিরা চাল রান্না হতো কিংবা শুঁটকির ভর্তা করা হলে ইরি চাল, দুধ-কলা দিয়ে খেতে চাইলে বিরুন চালের ভাত রান্না করা হতো, আবার পশুর আইল দিয়ে পিঠা তৈরি করা হতো। সময়ের সঙ্গে সঙ্গে এসব বৈচিত্র্য হারিয়ে গেছে। তার জায়গা দখল করেছে নানা প্রজাতির হাইব্রিড ধানের ভাত।
কৃষিজাতপণ্য বিশেষ করে নিয়ে বিভিন্ন ধান গবেষণায় দেখা যায় প্রাকৃতিক গুণাগুণকে পাশ কাটিয়ে অর্থনৈতিক স্বার্থসিদ্ধ হাসিলের জন্য ধান 'পেন্টেন্ট' করা শুরু হয়। পেন্টেন্ট শব্দের আভিধানিক অর্থ সংরক্ষণ করা। বীজের জিন এমনভাবে পরিবর্তন করা, যাতে এক ফসল উৎপাদনের পর তার থেকে আরেক ফসল উপাদন করা না যায়। ফলে পরবর্তী বীজ কেনার জন্য উন্নয়নশীল দেশ উন্নত বিশ্বের বীজ উৎপাদনের ওপর নির্ভরশীল হয়ে পড়ে।
হাইব্রিড ধান গবেষণায় ধানের উৎপাদকে গুরুত্ব দেওয়া হয়ে থাকে; কিন্তু আমাদের পরিবেশ ও স্বাস্থ্যগত ঝুঁকির প্রতি গুরুত্ব তেমন দেওয়া হয়নি। এটি নিয়ে আরও গবেষণার প্রয়োজন আছে, তা অস্বীকার করার উপায় নেই।
সত্তর বছর আগে ডক্টর হেক্টর নামে এক গবেষক ধান নিয়ে গবেষণা করেন তার গবেষণার ফলাফলে দেখা যায়, বাংলাদেশে বিভিন্ন মৌসুমভিত্তিক অন্তত ১৮ হাজার জাতের ধান আবাদ হতো। কালে কালে তার সংখ্যা খুবই কমে গেছে।
এসব জাতের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের জন্য বিশেষজ্ঞরা বাংলাদেশকে বৈচিত্র্যিক জাতের ধানের কেন্দ্র বলে আখ্যায়িত করেছেন। গত শতাব্দীর আশির দশকের শুরুতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) সারা দেশে আবাদকৃত প্রায় ১২ হাজার ৫০০ জাতের নাম সংগ্রহ করেছিল।
দেশি জাতের ধানের কোনোটার ভাত হতো মিষ্টি, কোনোটা থেকে হতো সুস্বাদু চিঁড়া, কোনোটা থেকে মচমচে মুড়ি, কোনোটা থেকে তৈরি করা হতো পিঠার জন্য আটা, আবার কোনোটার চাল থেকে রান্না হতো শুধু পায়েস। দুধ ও কলা দিয়ে ভাত খাওয়ার জন্য আবাদ করা হতো বিশেষ জাতের।
এসব জাতের নামও ছিল বিচিত্র; মাছরাঙ্গা, ঘিকাঞ্চন, গৌরকাজল, সূর্যমণি, কলমিলতা, বনফুল, ভাটিয়াল, মেঘলাল, সাগরদীঘি ইত্যাদি। কিন্তু বেশি ফলনের আশায় বিদেশি ধান চাষের ব্যাপক প্রসার ঘটে এবং একই সঙ্গে বিলুপ্ত হতে থাকে মানবদেহের জন্য অত্যন্ত উপকারী দেশীয় প্রজাতির ধান।
অথচ এমন দিন ছিল যখন স্বকীয় গুণাবলি বৈশিষ্ট্য নিয়ে দেশি জাতের ধান উৎপাদনে গ্রাম-বাংলার কৃষকদের ছিল অদম্য আগ্রহ। এসব দেশীয় ধান চাষ বা উৎপাদনে খরচও ছিল অত্যন্ত কম। মানবদেহের জন্যও ছিল অত্যন্ত উপকারী।
