২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ক্লাস ফান্ড’ থেকে পড়াশোনার খরচ এবং বন্ধুত্বের উদাহরণ

রবিউন নাহার তমা

Published : 20 Feb 2020, 04:07 PM

Updated : 23 Jun 2022, 11:09 PM

ছেলেটির নাম ইব্রাহীম (ছদ্মনাম)। ঢাকার এক সরকারি স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ে। ওর পরীক্ষার ফি ৩০ টাকা। একেবারে শেষ দিনে ২০ টাকা হাতে নিয়ে ক্লাস টিচারের কাছে যায় সে। কাঁদো কাঁদো চেহারা নিয়ে বলে, "ম্যাডাম, আমার বাবা বাড়িতে আসে না। মার কাছে টাকা নাই। আমি প্যারাক (লোহার পেরেক) কুড়ায় এই ২০ টাকা আনছি। নিবেন ম্যাডাম?"

সেই শিক্ষিকা মুখ দিয়ে কোনো শব্দ উচ্চারণ করতে পারেননি। বাসায় এসে বাচ্চাটার কথা ছোট বোনকে শুনিয়ে কষ্টটা হালকা করেছেন।

রুমিনা পড়ে সপ্তম শ্রেণিতে। বয়স ১৪। ছাত্রী হিসেবে মোটামুটি। ওর বাবা মারা গিয়েছে গত বছর। মা অসুস্থ বলে কিছু করতে পারেন না। দরিদ্র দুলাভাই মাসে দেড় হাজার টাকা দেয়। সেই টাকা দিয়েই চলে রুমিনাদের চার জনের সংসার। মেয়েটা শেষ পর্যন্ত গার্মেন্টসে যাওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। ২৮০০ টাকা বেতন আর হাড়ভাঙ্গা খাটুনি। মা স্কুলে এসে তার শিক্ষকের কাছে কান্নাকাটি করেন। রুমিনার স্কুলে আসা বন্ধ হয়ে যায়। সৌভাগ্য বলতে এটাই যে ওর পরীক্ষা দেওয়ার সুযোগটা হয়।

জেএসসি পরীক্ষার্থী সুরাইয়া। বয়স ১৫। জেএসসির দেরগোড়া পর্যন্ত পৌঁছাতে গিয়ে অন্তত তিন-চার বার ওর পড়াশুনা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিলো। একবার বিয়ে দেওয়ারও চেষ্টা হয়েছে। থাকে সৎ মায়ের সংসারে। মেয়েটার গায়ে মাঝে মাঝেই মারের দাগ পাওয়া যায়।

শেষের দুজন শিক্ষার্থী আমার স্কুলের। দেশের সরকারি স্কুলগুলোতে খোঁজ নিলে এমন অনেক শিক্ষার্থীর দেখা মিলবে। এদের মধ্যে যারা একটু বড় হয়ে গেছে তাদের আত্মসম্মান জ্ঞান আপনাকে নাড়িয়ে দেবে। ওরা না খেয়ে স্কুলে আসলেও কেউ জানবে না। যেদিন লো প্রেশারে দুর্বল হয়ে মাথা ঘুরিয়ে পড়ে যাবে, অথবা প্রচণ্ড পেট ব্যথা নিয়ে ছুটি চাইতে আসবে তখনই শুধু ধরা পড়বে বিষয়টা।

এগুলো আমাদের সমস্যা। আমরা পুরোপুরি সমাধান করতে না পারলেও কিছুটা চেষ্টা তো চালাতে পারি। ইংরেজিতে একটা কথার বাংলা অর্থ করলে দাঁড়ায়, একজন সবাইকে সহায়তা করতে পারে না, কিন্তু সবাই মিলে একজনকে সহায়তা করা যায়। এই ব্রত নিয়েই আমাদের এগিয়ে চলা। বিদ্যালয়ের নামটা এখানে গৌণ। কাজটাই মুখ্য।

আমরা একটা প্রোগ্রাম করেছি। এর নাম  'ক্লাস ফান্ড'। এখানে ক্লাসের শিক্ষার্থীরা স্বেচ্ছায় মাসের যে কোনো একদিন (২৫ তারিখের মধ্যে; এর মধ্যে অপারগ হলে যে মাসে পারবে সে মাসে দেবে।) ওদের টিফিন করার টাকাটা ক্লাস ক্যাপ্টেনের হাতে তুলে দেবে। তারপর সেই টাকাটা দিয়ে ওদের ক্লাসেরই কোনো বন্ধুকে কিনে দেওয়া হবে বই-খাতা বা প্রয়োজনীয় কোনো কিছু যা পড়ালেখায় কাজে লাগবে।

পরীক্ষামূলক ভাবে সপ্তম শ্রেণির দুটো ক্লাসে আমরা এটা শুরু করি। 'ক' শাখা থেকে সংগ্রহ হয় প্রায় ৫০০ এবং 'খ' শাখা থেকে প্রায় ৭০০ টাকা। যে টাকা দিয়ে ক্লাসের দুজন করে মোট চার জন ছাত্র-ছাত্রীকে কিনে দেওয়া হয় গ্রামার বই আর খাতা।

শিক্ষার্থীদের সেই অনুভূতি আমার দেখার সৌভাগ্য হয়েছে। আমরা শুধু ওদের বলি ভালো কাজ কর, ভালো ভাবে চল ইত্যাদি ইত্যাদি । কিন্তু ভালো কাজ করলে কেমন অনুভূতি হয় সেটা ওদের বোঝানোর সুযোগ করে দিতে কতটুকু পেরেছি তা ওরাই ভালো বলতে পারবে। ওদের অনুভূতি অবর্ণনীয়। হই হই করে হাততালি দিয়ে যে বই-খাতা পেল তাকে ওরা অভিনন্দন জানালো। এ যেন সহায়তার হাত বাড়ানো নয়, বরং পুরস্কার।

আর যে এই উপহার পেল, তার কৃতজ্ঞতা মাখানো হাসিমুখটাও ছবিতে বাঁধাই করে রাখার মত। শিক্ষক হিসেবে এটাই প্রার্থনা, ওরা এভাবেই মানবতার পথে এগিয়ে চলুক।

বাংলাদেশের অন্তত একহাজার বিদ্যালয়েও যদি এমন ক্লাস ফান্ডের ব্যবস্থা থাকে তবে প্রতি মাসে কম করে হলেও এক হাজার দরিদ্র শিক্ষার্থী ওদের পড়াশুনা চালিয়ে যেতে কিছুটা হলেও সহায়তা পাবে। আর যারা এ কাজে যোগ দেবে তারা পাবে ভালো কিছু করার অনুপ্রেরণা। এভাবেই গড়ে উঠবে আসল বন্ধুত্ব, জয় হবে মানবতার; আর এগিয়ে যাবে দেশ।