২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মাসুদ রানা’ চরিত্রে কাকে চাই?

আলমগীর হোসাইন

Published : 10 Oct 2019, 10:06 PM

Updated : 23 Jun 2022, 11:09 PM

পেঁয়াজের ঝাঁঝ , ফারাক্কার পানি আর ক্যাসিনোর প্রসঙ্গ বাদ দিলে আলোচনায় অন্যতম এখন চ্যানেল আইয়ের  'কে হবে মাসুদ রানা' প্রসঙ্গ। প্রথম পর্বে সমালোচনার জন্ম দেওয়া বিচারকদের কর্মকাণ্ডে দর্শক ক্ষুব্ধ হলেও বিচারক ফেরদৌস এবং পূর্ণিমার আলোয় আলোকিত হয়েছিল  পরবর্তী সব পর্ব। প্রশংসাও পেয়েছেন দারুণ। কিন্তু শেষ পর্বে ফাইনালিস্টদের নাম ঘোষণার পরেই সমালোচনায় পড়তে হল প্রিয় দুই বিচারককেই।

দর্শকদের দাবি, তিন ফিনালিস্ট সাজ্জাদ,জুনায়েদ ও রাসেলের মধ্যে সাজ্জাদকেই সেরা ঘোষণা করা উচিত ছিল। একজন নিয়মিত দর্শক হিসেবে যদিও আমি মনে করি এই তিনজনই আসলে যোগ্য ছিল। শুধু এই তিনজন না, আমি মনে করি সেরা দশজনের প্রত্যেকেরই পারফর্মেন্স ভাল ছিল। তবে একজনকেই বেছে নেওয়াটাই হচ্ছে প্রতিযোগিতা এবং সেটাই হয়েছে। যদিও শেষতক কিছুটা গড়বড় হয়ে গেছে।

সমালোচিত সেই প্রথম রাউন্ড থেকে গ্র্যান্ডফিনালে পর্যন্ত প্রতিটা রাউন্ডই ভাল ভাবে দেখেছি। সবচেয়ে ভাল লেগেছিল ফিজিক্যাল টাস্ক। তখনই মনে হয়েছে এত কঠিন জার্নির মধ্যে দিয়ে সংস্কৃতি জগতে যার আবির্ভাব হবে নিঃসন্দেহে সে আলো ছড়াবে এ অঙ্গনে।

গোড়া থেকে চূড়া অব্দি আমার কাছে সাজ্জাদকেই সেরা মনে হয়েছে। তবে  আমার সন্দেহ হয়েছিল যে হাইট এবং উজ্জ্বল গায়ের রঙ বিবেচনায় রাসেলও হয়ে যেতে পারে সেরা।  শেষ পর্যন্ত আমার পছন্দকে তুড়ি মেরে সন্দেহটাই হাসলো সাফল্যের হাসি। তবু যাক! একজন তো সেরা হয়েছে!

'মাসুদ রানা'য় লাগছে হলিউডের ছোঁয়া

'মাসুদ রানা' হচ্ছেন এবিএম সুমন?

'মাসুদ রানার' খোঁজে জাজ মাল্টিমিডিয়া

আশা করি তারা তিনজনই এ অঙ্গনে তাদের অবস্থান ধরে রাখতে সক্ষম হবে। বিগত দিনে দেখা গেছে চ্যাম্পিয়নকে রেখে অন্যরা এগিয়ে গেছে বহুদূর। আমি মনে করি সাজ্জাদও বহুদূর যাওয়ার জন্য একজন যোগ্য ব্যক্তি।

কিন্তু যা বললে ভাবনাটা পূর্ণতা পাবে না সেটা হচ্ছে, আসলে কে হবে মাসুদ রানা?  রাসেল রানা কি আসলেই মাসুদ রানা হবে?  নাকি অন্য কেউ?

মাসুদ রানা হওয়ার জন্যই রাসেল রানা নিজেকে এনেছিল এ মঞ্চে। তবে জাজ মাল্টিমিডিয়া তাকে দিয়ে ক্যামেরা অপেন করবে না বলে গুঞ্জন রয়েছে। এ গুঞ্জনটির সত্যি হওয়া রাসেলের জন্য অবশ্যই পীড়াদায়ক।

এরপরও মাসুদ রানা সিনেমাতে শেষ পর্যন্ত, যেই আসুক এই চরিত্রে, তার অভিনয়ে যেন আমরা প্রখর বুদ্ধিমত্ত্বা, দূরদৃষ্টিসম্পন্ন এবং সাহসী চরিত্রের প্রকৃত মাসুদ রানাকেই খুঁজে পাই।