বাংলা সাহিত্যের ডিজিটালাইজেশন
যদিও ডিজিটালাইজেশন একটি বহুল চর্চিত বিষয় তবুও এর রূপ এবং মাত্রা দিন দিন পরিবর্তিত হচ্ছে । তাই এ বিষয়টি নিয়ে সর্বমহলে ভাবনা ঠিকই থেকে যাচ্ছে। এই যুগে বিশ্বায়ন প্রক্রিয়া ডিজিটালাইজেশনের প্রতিরূপ বললেও ভুল হবে না। কোনো বিষয়ই এখন নির্দিষ্ট সীমারেখার মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলা সাহিত্যও নয়। প্রত্যেকটি সাহিত্যের পটভূমি এবং পাঠক এখন প্রায় সারাবিশ্ব জুড়েই বিদ্যমান। তাই যেমন একটি সাহিত্যের ক্ষেত্র বেড়েছে, পরিধি বেড়েছে এবং এর পাঠক ছড়িয়ে পড়েছে সব জায়গাতেই তেমনই এর ডিজিটালাইজেশন প্রক্রিয়া নিয়ে ভাবনার আছে অনেক।
ডিজিটালাইজেশন প্রক্রিয়ায় জড়িয়ে পড়া সব বিষয়েরই ধনাত্মক এবং ঋনাত্মক প্রভাব লক্ষণীয় । সাহিত্যের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয় । তবুও এই প্রক্রিয়ার বাইরে থাকাও যুক্তিসঙ্গত নয়। আমরা এক সময় অপসংস্কৃতির আগ্রাসন বলে এই বিষয়টি এড়িয়ে চলেছি যদিও এটি সুস্থ্য ও পরিশীলিত সংস্কৃতির প্রসারের মাধ্যমে প্রতিস্থাপনযোগ্য ছিলো। যার ফলে খুব স্বল্প পরিসরে বাংলা সাহিত্যের বিশ্বায়ন কার্যক্রম ঘটেছে, তবে তা যথেষ্ট নয় বলে আমি মনে করি। তাই বাংলা সাহিত্যের বিশ্বায়নকে আরো দ্রুত, বিস্তৃত এবং মান সম্মত উপায়ে সময়োপযোগী এবং বর্তমানের পরিবর্তিত রুচির পাঠকমহলের দৃষ্টি আকর্ষনে এর যথাযথ ডিজিটালাইজেশন করা জরুরি। কিন্তু কীভাবে এর সম্ভব হবে তা গবেষণা এবং চিন্তার বিষয়।
মানুষ এখন আগের যে কোনো সময়ের চেয়ে তথ্যপ্রযুক্তি নির্ভর। আমাদের ডিভাইস কেন্দ্রিকতা দিন দিন বেড়েই চলেছে। সঙ্গত কারণেই বাংলা সাহিত্যের বিশ্বায়নকে তরান্বিত করতে হলে এটিকেও তথ্যপ্রযুক্তির সাথে সঙ্গতিপূর্ণ রূপান্তর করতে হবে। সহজভাবে বললে আমাদের বাংলা সাহিত্যকে আরও বেশি ডিজিটালাইজড করতে হবে। সহজলভ্য ডিভাইস ব্যবহার করে যাতে পাঠক সাহিত্যের স্বাদ নিতে পারে তার ব্যবস্থা করতে হবে। এটি করতে পারে ওয়েবম্যাগগুলো, ওয়েবজিনসমূহ, সাহিত্যের বিভিন্ন অ্যাপ এবং বহুভাষিক অনলাইনসমূহ।
কারণ এই মাধ্যমকে ব্যবহার করে দ্রুতই সারাবিশ্বের পাঠকদের কাছে সাহিত্যকর্ম ছড়িয়ে দেওয়া সম্ভব । এখান সাহিত্যকর্মসমূহ নিয়ে সব দেশই পৌঁছানো সম্ভব প্রযুক্তির মাধ্যমে। কয়েক ভাষায় একই সাহিত্যকে উপস্থাপনেরও সুযোগ রয়েছে। এছাড়া অনুবাদের কঠিনতা, প্রকাশকালের বাধা, প্রকাশনা সামগ্রীর স্বল্পতা ইত্যাদি নেই ডিজিটাল মাধ্যমসমূহে। এমনকি প্রাতিষ্ঠানিক এবং ব্যক্তিগত সেন্সরও কম।
প্রযুক্তিবিদদের ভবিষ্যতবাণী আমলে নিলে দেখা যায়, এই শতকের মাঝামাঝি বা শেষের দিকে মানুষ সম্পূর্ণভাবে প্রযুক্তি নির্ভর হয়ে পড়বে। তারা তাদের প্রায় সব কার্যক্রম তাদের হাতে থাকা ডিভাইসের মাধ্যমে সম্পাদন করবে। সাহিত্যকেও তাই ডিভাইস কেন্দ্রিক করতে হবে। বিভিন্ন তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানকে বাংলা সাহিত্যের ডিজিটালাইজেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে আরও বিস্তর পরিসরে। মোবাইল নির্ভর ভার্সনসমূহ এক্ষেত্রে এগিয়ে থাকবে। সাহিত্যকে পাঠকের পাঠ উপযোগী করতে মোবাইল ভার্সনে বিভিন্ন ওয়েবসাইট, অ্যাপ বানাতে হবে । বাংলা সাহিত্যকে ইংরেজিতে অনুবাদ করে উপাস্থাপন করতে হবে।
পূর্বেই উল্লেখ করা হয়েছে আমাদের সাহিত্যের বিশ্বায়ন তেমন হয়নি। এর অন্যতম কারণ হল, বাংলা সাহিত্যকর্মগুলো ইংরেজি ভাষায় অনুবাদ খুবই কম হয়েছে এবং যা হয়েছে তার মান নিয়েও প্রশ্ন উঠেছে। ওয়েবম্যাগ, ওয়েবজিন, এবং অ্যাপসমূহের এই কাজটি করার সুযোগ রয়েছে যা একটি বাংলা প্রিন্ট মিডিয়ার নেই। কারণ এগুলো চাইলেই বহুভাষিক হতে পারে। ব্যক্তিগতভাবে আমি মনে করি এই অনুবাদ প্রক্রিয়ায় পিছিয়ে থাকার কারণে আমাদের ভালো ভালো কবি, সাহিত্যিক, সাহিত্যকর্ম থাকার পরেও আমরা সাহিত্যে নোবেল অর্জন করতে পারিনি।
সুতরাং আগামী দিনের পৃথিবী হবে আরও প্রযুক্তি নির্ভর, বহুভাষায় সমৃদ্ধ ডিভাইস থাকবে মানুষের হাতে, মিডিয়া হবে অনেকটাই পেপারলেস- তাই বাংলা সাহিত্যের বিশ্বায়নের একে ডিজিটাল দুনিয়ার পা রাখতেই হবে। সেই কর্মযজ্ঞ পালনের মত সক্ষমতাও অর্জন করতে হবে আমাদের ।
আগামী বিশ্বে বিশাল এক প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে সব দেশের সব সাহিত্যকে। কারণ প্রযুক্তির কল্যাণে সব পাঠকই সব ভাষার সব সাহিত্য পড়তে পারবে। তারা উন্নত এবং সহজ প্রযুক্তির মাধ্যমে যে সাহিত্যকে হাতের নাগালে পাবে তার স্বাদই তারা নিবে। সে সময়ের জন্য – বাংলা সাহিত্য কতটুকু প্রস্তুত ভাবতে হবে লেখক-পাঠকসহ বোদ্ধামহল এবং প্রযুক্তিবিদদেরও।
