Published : 23 Apr 2024, 09:42 PM
তাপপ্রবাহের মধ্যে জনগণকে কিছুটা স্বস্তি দিতে রাস্তায় নিয়মিত পানি ছিটানোর পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি।
একই সঙ্গে জনগণের মাঝে স্যালাইন ও বিশুদ্ধ পানি সরবরাহ করতে বলেছে কমিটি।
মঙ্গলবার জাতীয় সংসদে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করে সংশ্লিষ্টদের ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বৈঠক শেষে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে স্বাস্থ্য অধিদপ্তর তীব্র গরমে হিটস্ট্রোকের ঝুঁকি কমাতে চারটি পরামর্শ মেনে চলার কথা বলে বিজ্ঞপ্তি দেয়।
এতে বলা হয়, হিটস্ট্রোক থেকে বাঁচতে তীব্র গরম থেকে দূরে থাকতে হবে, মাঝে মাঝে ছায়ায় বিশ্রাম নিতে হবে। শরীরের পানিশুন্যতা পূরণ করতে প্রচুর পরিমাণে নিরাপদ পানি পান করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
তবে হেপাটাইটিস এ, ই, ডায়রিয়াসহ প্রাণঘাতী পানিবাহী রোগ থেকে বাঁচতে রাস্তায় তৈরি পানীয় ও খাবার এড়িয়ে চলতে হবে। প্রয়োজনে দিনে একাধিকবার গোসল করতে হবে।
গরম আবহাওয়ায় ঢিলেঢালা পাতলা ও হালকা রঙের পোশাক পরতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর। সম্ভব হলে গাঢ় রঙিন পোশাক এড়িয়ে চলতে হবে।
প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থার মধ্যে মঙ্গলবার ঢাকায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মঙ্গলবার গুলিস্তানের রাস্তায় হাঁটার সময় প্রচণ্ড গরমে রাস্তায় ঢলে পড়েন এক ব্যক্তি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়। ওই ব্যক্তি হিটস্ট্রোকে মারা যেতে পারেন ধারণা পুলিশের।
এর আগে শনিবার হিট স্ট্রোকে দুজনের মৃত্যুর খবর পাওয়া যায়। রোববার মেহেরপুরে গৃহবধূ, সিলেটে রিকশাচালক ও নরসিংদীতে এক ব্যবসায়ীর মৃত্যু হয়। সোমবার ঢাকার সড়কে অচেতন হয়ে এক রিকশাচালকের মৃত্যু হয়। হিটস্ট্রোকে তাদের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকদের ধারণা।
আরও সুপারিশ
সংসদীয় কমিটির সভায় আরও কিছু বিষয়ে আলোচনা শেষে সুপারিশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “বৈঠকে জরুরিভিত্তিতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার পূর্বাভাস এবং সার্বিক সহযোগিতায় স্বচ্ছতা আনতে ‘বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর’ এবং ‘বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরকে’ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে অন্তর্ভুক্ত করার যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে কমিটি।”
বৈঠকে ইউনি ব্লক প্রকল্পের আওতায় গ্রামীণ রাস্তা নির্মাণ এবং ৮ মাত্রার ভূমিকম্প সহনীয় অবকাঠামো নির্মাণে বিল্ডিং কোড ব্যবহারের পরামর্শ দেওয়ারও সুপারিশ করা হয়।
বৈঠকে টিআর কাবিখার মাধ্যমে গ্রামের মজাপুকুর খনন ও পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে মাছ চাষ বৃদ্ধি এবং বিশুদ্ধ পানি সরবরাহের উদ্যোগ গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।
কমিটির সভাপতি আ স ম ফিরোজের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য ও প্রতিমন্ত্রী মহিববুর রহমান, শাহীন আক্তার, মজিবুর রহমান চৌধুরী, সালাউদ্দিন মাহমুদ ও আশ্রাফুন নেছা।
আরও পড়ুন:
পুরানো খবর:
আবহাওয়ার পূর্বাভাসে সুখবর নেইপুরানো খবর:
তাপপ্রবাহ: কতটা গরম শরীরে সয়পুরানো খবর:
এমন গরম কেন?