২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিআরইউ সেরা প্রতিবেদন পুরস্কার পাচ্ছেন ১১ জন

এবছর ৪ ক্যাটাগরিতে ১০টি পুরস্কারের জন্য তারা বিজয়ী হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2022, 01:14 AM

Updated : 30 Oct 2022, 01:14 AM

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সেরা প্রতিবেদনের ফলাফল ঘোষণা করা হয়েছে; যাতে পুরস্কার পাচ্ছেন ১১ জন সাংবাদিক।

শনিবার ডিআরইউ এর সংবাদ বিজ্ঞপ্তিতে এবছর ৪ ক্যাটাগরিতে ১০টি পুরস্কারের জন্য তারা বিজয়ী হয়েছেন বলে জানানো হয়েছে।

আগামী মঙ্গলবার ১ নভেম্বর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এবার মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে ‘ইতিহাসের ছেড়া পাতা’ ধারাবাহিক প্রতিবেদনের জন্য পুরস্কার পাচ্ছেন রাজীব নূর। প্রতিবেদনটি সমকালে প্রকাশের সময় তিনি সেখানে কর্মরত ছিলেন; বর্তমানে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে স্পেশাল অ্যাসাইনমেন্ট এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রিন্ট ক্যাটাগরিতে ‘কেমন আছেন প্রবাসী মা ও তাদের সন্তান’ ধারাবাহিক প্রতিবেদনের জন্য সমকালের প্রতিবেদক আবু যর আনছার উদ্দীন আহাম্মদ (রাজীব আহাম্মদ) পাচ্ছেন প্রথম পুরস্কার। বিদ্যুৎ খাত নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পুরস্কার পাচ্ছেন দৈনিক শেয়ার বিজের সাংবাদিক মো: ইসমাইল আলী।

 এ ক্যাটাগরিতে যুগ্মভাবে তৃতীয় পুরস্কার যাচ্ছে ‘ইভ্যুলেশন অব সাইবার ক্রাইম’ প্রতিবেদনের জন্য ডেইলি স্টারের সাংবাদিক মোহাম্মদ জামিল খান এবং ‘তরল গ্যাসে গরল হিসাব’ প্রতিবেদনের জন্য সমকালের সাংবাদিক ওবায়দুল্লাহ রনির কাছে।

অনলাইন মিডিয়ায় ‘চিকন চালের জৌলুসেও কমেনি মোটা চালের ভোক্তা’ প্রতিবেদনের জন্য নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রাক্তন সাংবাদিক শাহ্ আলম খান প্রথম পুরস্কার পাচ্ছেন। ‘যানজটে নাকাল রাজধানীর মানুষ’ ধারাবাহিক প্রতিবেদনের জন্য দ্বিতীয় পুরস্কার পাচ্ছেন চ্যানেল আই অনলাইনের সাংবাদিক আবু মো. ফায়েজুল আরেফিন তানজীব। ঢাকা পোস্ট ডটকমের সাংবাদিক আবু সালেহ সায়াদাত তার পুলিশ-কাউন্সিলরের ‘সৃজনশীল’ চাঁদাবাজি! প্রতিবেদনের জন্য পাচ্ছেন তৃতীয় পুরস্কার।

ইলেক্ট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে এবছর প্রথম পুরস্কার যাচ্ছে চ্যানেল ২৪ এর সাংবাদিক মুকিমুল আহসান হিমেলের কাছে। ‘এনআইডির জিন্দা লাশ’ ধারাবাহিক প্রতিবেদনের জন্য তিনি এ পুরস্কার পাচ্ছেন।

‘স্বাস্থ্য সেবায় সংক্রমণ’ বিষয়ক প্রতিবেদনের জন্য দ্বিতীয় পুরস্কার পাচ্ছেন একাত্তর টিভির সাংবাদিক মো. আদনান খান (নয়ন আদিত্য)। ‘খেলা স্থগিতের পর পোশাক ক্রয়’ বিষয়ক প্রতিবেদনের জন্য তৃতীয় পুরস্কার পাচ্ছেন মাছরাঙা টেলিভিশনের সাংবাদিক মো. নূর হোসেন বিশ্বাস (নূর সিদ্দিকী)।

প্রতিটি ক্যাটাগরিতে প্রথম পুরস্কারের মূল্যমান এক লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৭৫ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কারের মূল্যমান ৫০ হাজার টাকা।

রাষ্ট্রপতির সৌজন্যে মুক্তিযুদ্ধ বিষয়ক পুরস্কারের মূল্যমানও এক লাখ টাকা।

বিজয়ীদের সম্মাননা সনদ ও ক্রেস্টও দেওয়া হবে।