Published : 22 Jun 2023, 04:51 PM
আগের দুইবারের অভিজ্ঞতায় নির্বাচন কমিশনের ওপর খুব একটা ভরসা রাখতে পারছিলেন না আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম, তবে ইসি প্রার্থিতা ফিরিয়ে দেওয়ায় তারও মন বদলেছে।
আলোচিত এই অনলাইন কনটেন্ট ক্রিয়েটর বলেছেন, তাকে যেমন ‘সুষ্ঠু বিচার’ ইসি এবার দিয়েছে, তেমনিভাবে নির্বাচনটাও সুষ্ঠুভাবে করতে পারলে কমিশনের ওপর জনগণের ‘আস্থা ফিরে আসবে’।
নির্বাচন কমিশনে আপিল করে ঢাকা-১৭ আসনের উপ নির্বাচনে প্রার্থিতা ফিরে পাওয়ার পর বৃহস্পতিবার হিরো আলম সাংবাদিকদের বলেন, “এই যে দেখেন আমি কিন্তু বারবার বলেছি আমি ফিরে পাব না। আজকে এখানে আমি ফিরে পেয়েছি।
“এই রকম আজকে একটা হিরো আলম ফিরে পেয়েছে। আরো যখন দশটা হিরো আলম ফিরে পাবে, আস্তে আস্তে আমাদের ইসির ওপর যে মানুষের ভুল ধারণা আছে, এগুলা দূর হয়ে যাবে।”
ঢাকা-১৭ আসনের উপ নির্বাচনে লড়তে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন হিরো আলম। বাছাইয়ের সময় স্বতন্ত্র প্রার্থিতায় ১ শতাংশ ভোটারের সমর্থন তালিকায় প্রয়োজনীয় ভোটারদের খোঁজ না পাওয়ায় গত ১৮ জুন তার মনোনয়নপত্র বাতিল করে দিয়েছিলেন রিটার্নিং কর্মকর্তা।
একজন স্বতন্ত্র প্রার্থীকে সংসদ নির্বাচনে অংশ নিতে হলে নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরসংবলিত একটি তালিকা মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হয়। অতীতে সংসদ সদস্য থাকলে ওই বিধান প্রযোজ্য হয় না।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে গত ২০ জুন নির্বাচন কমিশনে আপিল করেন হিরো আলম।
তবে নির্বাচন কমিশনের কাছ থেকে খুব বেশি কিছু আশা করেন না জানিয়ে সেদিন তিনি বলেছিলেন, “রিটার্নিং অফিসার যে সিদ্ধান্ত দিয়েছে, কমিশনও একই সিদ্ধান্ত দেয়। আমার ভোটাররা সঠিক থাকার পরও তারা নাকি খোঁজ পায় না। আগে দুইবার আপিল করেও পাইনি। এবার ঢাকায়ও হয়ত প্রার্থিতা ফিরে পাবে না। তবে এখানে না পেলে অবশ্যই হাই কোর্টে যাব।”
২০১৮ সালের সাধারণ নির্বাচন এবং এ বছরের শুরুতে বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনেও এক শতাংশ ভোটারের স্বাক্ষর জটিলতার কারণ দেখিয়ে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। পরে উচ্চ আদালতের নির্দেশে দুইবারই তিনি প্রার্থিতা ফিরে পান।
তবে এবার তার আর আদালতে যাওয়ার দরকার হল না। বৃহস্পতিবার শুনানি শেষে নির্বাচন কমিশন তার আপিল মঞ্জুর করেছে।
তাতে আশাবাদী হয়ে ওঠা হিরো আলম বলেন, “আজকে যেহেতু আমি সুষ্ঠু বিচার পেয়েছি, সেহেতু আশা রাখতেছি, নির্বাচনের দিনে সুষ্ঠু একটা নির্বাচন হবে। এই নির্বাচন সুষ্ঠু হলে দেশে সামনে যে নির্বাচন আছে, তাতে ইসির ওপর আস্থা ফিরে আসবে।"
ঢাকা-১৭ আসনে যেন সুষ্ঠু নির্বাচন হয়, সেজন্য দেশবাসীর দোয়া চেয়ে তিনি বলেন, “আমি জানি, দেশবাসী আমার এই নির্বাচনের দিকে আশা রাখবে। আপনারা ভোট দেন, না দেন, কেন্দ্রে আসবেন।... ব্যালটেই আমার বেশি আস্থা। এর আগে আমি ভোট করেছি, যেহেতু ছয়-নয় করেছে, তাই ইভিএমের প্রতি আমার আস্থা নাই।"
পুরনো খবর
আপিলে ফিরল হিরো আলমের প্রার্থিতা
ঢাকা-১৭: প্রার্থিতা ফিরে পেতে ইসিতে হিরো আলমের আপিল
ঢাকা-১৭ উপনির্বাচন: হিরো আলমসহ ৮ জনের মনোনয়ন বাতিল
ঢাকা-১৭ আসনে এমপি হতে ১৫ জনের মনোনয়নপত্র জমা
‘অদৃশ্য শক্তির’ বিরুদ্ধে লড়াইয়ে আরাফাত, হিরো আলমের ‘প্রতিবাদ’