০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

মুক্তিযোদ্ধা তালিকায় গেজেটভুক্তির আবেদন ৭ অক্টোবর পর্যন্ত

এরপর নতুন করে আবেদন নেওয়া হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Oct 2026, 07:59 PM

Updated : 01 Oct 2026, 07:59 PM

মুক্তিযোদ্ধাদের তালিকায় গেজেটভুক্তির জন্য আগামী ৭ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে।

এরপর নতুন করে আবেদন নেওয়া হবে না বলে বৃহস্পতিবার গণবিজ্ঞপ্তিতে বলেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর মুক্তিযুদ্ধে শহীদদের ‘সঠিক তালিকা’ ও মুক্তিযোদ্ধাদের ‘প্রকৃত তালিকা’ তৈরি করে প্রতিবেদন দিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে সুপারিশ করেছিল মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধারা যাতে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পান, সে জন্যও ব্যবস্থা নিতে বলা হয়েছিল।

সংসদে হওয়া কমিটির বৈঠকে মুক্তিযোদ্ধা সংসদ সচল রাখার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শও দেওয়া হয়। সেইসঙ্গে মুক্তিযুদ্ধের ‘সঠিক ইতিহাস’ তুলে ধরার ব্যবস্থা নিতে বলা হয়।

মুক্তিযোদ্ধা ও জুলাইযোদ্ধারা যাতে প্রয়োজনীয় সম্মান পান, সে বিষয়েও মন্ত্রণালয়কে সচেষ্ট থাকার পরামর্শ দিয়েছিল কমিটি।