০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

মদিনার বিদ্যুৎকেন্দ্রে ‘হুতিদের হামলার’ নিন্দা বাংলাদেশের

“নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় রাজকীয় সৌদি আরবের সঙ্গে পূর্ণ সংহতি জানাচ্ছে বাংলাদেশ সরকার।

মদিনার বিদ্যুৎকেন্দ্রে ‘হুতিদের হামলার’ নিন্দা বাংলাদেশের

সৌদি আরবের মদিনায় অবস্থিত তাইবা বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হওয়া ক্ষতির দৃশ্য—যা হুথিদের ড্রোন হামলার কারণে ঘটেছে বলে সৌদি কর্তৃপক্ষের অভিযোগ। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Oct 2026, 06:40 PM

Updated : 04 Oct 2026, 06:40 PM

সৌদি আরবের মদিনার একটি বিদ্যুৎকেন্দ্রে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের কথিত ড্রোন হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে কয়েকদিন আগে চালানো হামলার বিষয়ে এ প্রতিক্রিয়া জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে হুতিদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ সরকার।

“মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহকারী গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনাটিতে ইচ্ছাকৃত এই হামলা ইসলামের পবিত্র স্থানগুলোর প্রতি অগ্রহণযোগ্য একটি আক্রমণ।”

ইয়েমেনে হুতিদের সঙ্গে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী বৃহস্পতিবার জানায়, ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি মঙ্গলবার মদিনার একটি বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হামলা চালিয়েছে।

এ কেন্দ্র থেকে মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহ করা হয় বলে জানিয়েছে তারা।

সৌদি নেতৃত্বাধীন জোট বলেছে, হামলায় বিদ্যুৎকেন্দ্রটির একটি ট্রান্সফরমার অকেজো হয়ে গেলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় কোনো ব্যাঘাত ঘটেনি।

তবে হুতিদের সামরিক বাহিনীর এক সূত্রকে উদ্ধৃত করে তাদের পরিচালিত বার্তা সংস্থা সাবা জানিয়েছে, জোট বাহিনীর এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে হুতিরা।

পবিত্র নগরী মক্কা ও মদিনার রক্ষক হিসেবে সৌদি আরবের পাশে দাঁড়ানোর কথা তুলে ধরে সেদিকে লক্ষ্য করে যেকোনো হামলার নিন্দা জানিয়ে আসছে বাংলাদেশ।

হুতিদের ঠেকানোর জন্য সৌদি আরব নেতৃত্বাধীন বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটেও যোগ দেওয়ার কথাও জানিয়েছে বিএনপি সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে সৌদি আরবের প্রতি ফের সংহতি বলা হয়েছে, “নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় রাজকীয় সৌদি আরবের সঙ্গে পূর্ণ সংহতি জানাচ্ছে বাংলাদেশ সরকার।

“আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ক্ষতি করে—এমন যেকোনো আগ্রাসনমূলক কর্মকাণ্ড বাংলাদেশ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে।”

পুরোনো খবর

পুরানো খবর:

মদিনার বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হামলা চালিয়েছে হুতিরা, অভিযোগ সৌদি জোটের