০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

মদিনার বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হামলা চালিয়েছে হুতিরা, অভিযোগ সৌদি জোটের

জোট বাহিনী জানিয়েছে, এ হামলায় বিদ্যুৎ কেন্দ্রটির একটি ট্রান্সফর্মার অকেজো হয়ে গেলেও সরবরাহ ব্যবস্থায় কোনো বিঘ্ন ঘটেনি।

মদিনার বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হামলা চালিয়েছে হুতিরা, অভিযোগ সৌদি জোটের

সৌদি আরবের মদিনায় অবস্থিত তাইবা বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হওয়া ক্ষতির দৃশ্য—যা হুথিদের ড্রোন হামলার কারণে ঘটেছে বলে সৌদি কর্তৃপক্ষের অভিযোগ। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Oct 2026, 11:30 AM

Updated : 02 Oct 2026, 11:30 AM

ইয়েমেনে হুতিদের সঙ্গে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী জানিয়েছে, ইরান সমর্থিত গোষ্ঠীটি মদিনার একটি বিদ্যুৎ বিতরণে কেন্দ্রে হামলা চালিয়েছে। এই কেন্দ্রটি থেকে মসজিদে নববিতে বিদ্যুৎ সরবরাহ করা হয় বলে জানিয়েছে তারা।

জোট বাহিনী বৃহস্পতিবার জানায়, এ হামলায় বিদ্যুৎ কেন্দ্রটির একটি ট্রান্সফর্মার অকেজো হয়ে গেলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় কোনো বিঘ্ন ঘটেনি।

হুতিদের পরিচালিত বার্তা সংস্থা সাবা হুতিদের সামরিক বাহিনীর এক সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, জোট বাহিনীর এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে হুতিরা।

পরে হুতিরা জানায়, সৌদি আরব ইয়েমেনের রাজধানী সানাসহ অন্যান্য অংশে হামলা চালিয়েছে। তবে সৌদি আরব তাৎক্ষণিকভাবে এসব হামলার কথা নিশ্চিত করেনি, জানিয়েছে রয়টার্স।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সহযোগী সশস্ত্র বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, জোট বাহিনী রাজধানী সানার ‘হাই ভ্যালু টার্গেট’ এ হামলা চালিয়েছে। তবে তিনি বিস্তারিত আর কিছু জানাননি।

রয়টার্স লিখেছে, জাতিসংঘের মধ্যস্থতায় ২০২২ সালে শুরু হওয়া যুদ্ধবিরতির পর থেকে এটি সৌদি আরব ও হুতিদের মধ্যে সবচেয়ে তীব্র লড়াই।

ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দরে সৌদি জোটের বিমান হামলার পর যুদ্ধবিরতি ভেস্তে গিয়ে দুপক্ষের মধ্যে আবার শত্রুতা মাথা চারা দেয়। জুলাইতে সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধের ঘোষণা দিয়ে হুতিরা। এরপর তারা সৌদি ভূখণ্ড ও জাহাজের ওপর হামলা চালাতে শুরু করে।

হুতিরা এক পর্যায়ে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীকে হটিয়ে ইয়েমেনের লোহিত সাগরীয় উপকূলের প্রায় সবটা দখল করে নেয়। সৌদি আরব ইয়েমেনে বিমান হামলা চালিয়ে ও তাদের সমর্থিত বাহিনীগুলো লড়াইয়ের মাধ্যমে হুতিদের প্রতিরোধ করার চেষ্টা করে।

সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, একটি তদন্ত ও ড্রোনের ধ্বংসাবশেষ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়েছে যে মদিনার বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হামলার পরিকল্পনা ও তা বাস্তবায়নে হুতিরা জড়িত।

হুতিদের সামরিক বাহিনীর সূত্র দাবি করেছে, সৌদি আরব মক্কায় হামলার অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ার পর জোট বাহিনী সেটি ঢাকতে নতুন আরেকটি ‘মিথ্যা’ নিয়ে হাজির হয়েছে।