২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

অপরাধীর ক্ষেত্রে দলীয় পরিচয় বিবেচনার ‘সুযোগ নেই’: আইজিপি

“মাদকদ্রব্য রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Sep 2026, 07:33 PM

Updated : 29 Sep 2026, 07:33 PM

মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের কঠোরভাবে আইনের আওতায় আনতে মাঠপর্যায়ের পুলিশকে নির্দেশ দিয়েছেন বাহিনী প্রধান আলী হোসেন ফকির।

তিনি বলেছেন, “এক্ষেত্রে দলীয় পরিচয় বিবেচনার কোন সুযোগ নেই, অপরাধীর একমাত্র পরিচয় অপরাধীই।”

মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত অগাস্ট মাসের অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’ পুনর্ব্যক্ত করে আইজিপি বলেন, “মাদকদ্রব্য রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

এক্ষেত্রে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আইজিপি কিশোর অপরাধীদের বিরুদ্ধেও ‘যথাযথ আইনি ব্যবস্থা’ গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন।

পুলিশ প্রধান বলেন, কিশোর গ্যাং সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে। এদের পেছনে কোন প্রভাবশালী রয়েছে কিনা তা উদঘাটন করে ব্যবস্থা নিতে হবে।

আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপন করতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে নির্দেশনাও দেন আলী হোসেন ফকির।

দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি ইউনিটকে নিজ নিজ নিরাপত্তা পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়ে তিনি বলেন, “পূজাকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার হতে পারে। এ বিষয়ে সজাগ ও সতর্ক থাকতে হবে।”

দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদেরকে যথাযথভাবে ‘বডি ওর্ন ক্যামেরা’ ব্যবহারের নির্দেশ দেন তিনি।

সভায় অগাস্ট মাসের গুরুত্বপূর্ণ ঘটনাসহ সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এছাড়া, ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ, পুলিশ আক্রান্ত ও অপহরণ মামলা এবং মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা, তদন্ত ও বিচারের ফলাফল, সাজার হারের বিষয়ে আলোচনা হয়।

অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) সায়েদুর রহমানের সভাপতিত্বে সভায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।