২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদযাত্রা: বাসের টিকেট বিক্রি শুরু

প্রথম দিন কাউন্টারে ভিড় কম দেখা গেছে।

ঈদযাত্রা: বাসের টিকেট বিক্রি শুরু

ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2023, 08:57 PM

Updated : 12 Jun 2023, 08:57 PM

কোরবানির ঈদ উপলক্ষে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন পরিবহনের বাসের আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে।

সোমবার ঢাকার গাবতলী, কল্যাণপুর এবং আশপাশের কাউন্টার থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৯ জুন বাংলাদেশে কোরবানির ঈদ হতে পারে।

শুভঙ্কর ঘোষ রাকেশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২৯ তারিখ ঈদের দিন হিসাব করে টিকেট বিক্রি শুরু করেছেন তারা। বাসের ঈদযাত্রা শুরু হবে ২২ জুন থেকে।

“আমাদের কাউন্টারগুলো থেকে টিকেট থাকা সাপেক্ষে টিকেট বিক্রি হচ্ছে। তবে ২৭ তারিখের টিকেটের চাহিদা বেশি দেখা যাচ্ছে। আজ বৃষ্টির কারণে কাউন্টারগুলোয় ভিড় কম হয়েছে। আগামীকাল (মঙ্গলবার) কাউন্টারে টিকেট প্রত্যাশীদের ভিড় বেশি হবে।”

তবে সায়েদাবাদ ও মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া বাসের অগ্রিম টিকেট বিক্রি এখনও শুরু হয়নি। এ দুটি টার্মিনাল থেকে চলাচলকারী পরিবহনগুলো টিকেট বিক্রি শুরু করে ঈদের আগে আগে।

মহাখালী আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম বলেন, “আমাদের টার্মিনাল থেকে অ্যাডভান্সড  টিকেট দেওয়া হয় না। তবে এখানকার উত্তরবঙ্গের দু-একটি পরিবহন ১৫ জুন থেকে টিকেট বিক্রি শুরু করবে।”