২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

কেরাণীগঞ্জে গুলি ও বোমা ফাটিয়ে ‘৩০ ভরি’ স্বর্ণালঙ্কার লুট

স্বর্ণালঙ্কার নিয়ে অটোরিকশায় তারা বাসায় ফিরছিলেন; সেসময় পেছন থেকে একটি মোটরসাইকেল তাদের অনুসরণ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Sep 2026, 12:06 AM

Updated : 22 Sep 2026, 12:06 AM

ঢাকার কেরাণীগঞ্জের হযরতপুরে গুলি করে ও হাতবোমা ফাটিয়ে সোনার গয়না ব্যবসায়ী ও তার সহকারীর কাছ থেকে ৩০ ভরি অলঙ্কার লুটের অভিযোগ উঠেছে।

সোমবার রাতে গুলিবিদ্ধ ও বোমার স্প্লিন্টারে আহত দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন বলে এ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাবিবুর রহমান জানিয়েছেন।

ওই দুজন হলেন- গয়নার দোকান মালিক অন্তর সরকার (২৮) ও তার সহকারী রাজিব সরকার (৩৪)। তাদের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার আটিপাড়া গ্রামে।

হাঁটুর ওপরের অংশে গুলি লাগা অন্তর সরকার বলেন, সন্ধ্যায় দোকান বন্ধ করে ৩০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে অটোরিকশায় তারা বাসায় ফিরছিলেন। সেসময় পেছন থেকে একটি মোটরসাইকেল তাদের অনুসরণ করে। হযরতপুর গরুহাটা এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেল সামনে এসে দাঁড়ায়। এসময় দুজন এসে গুলি করেন এবং হাতবোমা ফাটিয়ে সোনা ও ব্যাগ নিয়ে পালিয়ে যান।

অন্তর বলেন, তিনি গুলিবিদ্ধ হলেও তার মামাত ভাই রাজিব বোমার স্প্রিন্টারে আহত হয়েছেন। রাত ৯টার দিকে তারা হাসপাতালে যান।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ হাবিবুর রহমান বলেন, আহতরা হাসপাতালের জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে বলা হয়েছে।