Published : 15 Jan 2024, 05:10 PM
ঢাকার তেজগাঁওয়ে আইনজীবী ভুবন চন্দ্র শীলকে গুলি করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মারুফ বিল্লাহ (৩৬) একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন বলে জানিয়েছেন পুলিশের তেজগাঁও বিভাগের শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপ কমিশনার হাফিজ আল ফারুক।
তবে তাকে কখন ও কোথায় থেকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেননি এই কর্মকর্তা।
‘তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী’ মামুনকে লক্ষ্য করে দুর্বৃত্তদের এক গ্রুপের এলোপাতারি ছোড়া গুলিতে গত ১৮ সেপ্টেম্বর রাতে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে থাকা ভুবন মাথায় গুলিবিদ্ধ হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে রাত মৃত্যু হয়।
ঘটনার রাতেই ভুবনকে ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এ কয়দিন তিনি লাইফ সাপোর্টে ছিলেন। শুক্রবার তার মাথায় অস্ত্রোপ্রচার হয়। এর দুইদিন পর সোমবার সকালে তার মৃত্যু হয়।
পুলিশ বলছে, কারাগারে থাকা ‘শীর্ষ সন্ত্রাসী’ ইমনের সঙ্গে বিরোধের জের ধরে সন্ত্রাসীরা প্রাইভেট কারে থাকা প্রতিপক্ষ মামুনের উপর হামলা চালাতে গিয়েছিল। সে সময় লক্ষভ্রষ্ট গুলি ভুবনের মাথায় লাগে। মামুন গাড়ি থেকে বেরিয়ে এলে তাকে চাপাতি দিয়ে কোপানো হয়। ভুবনের পাশাপাশি আরিফুল নামে আরেক পথচারী আহত হন।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ জানিয়েছেন, চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি মামুন মগবাজারের পিয়াসী বার থেকে ফেরার পথে তার গাড়িতে হামলা হয়।
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় ২০ বছরের অধিক সময় জেল খেটে তিন মাস আগে জামিনে বের হন মামুন। মামুন পুলিশকে বলেছেন, গত ১২ সেপ্টেম্বর আদালতে হাজিরা দিতে গেলে ইমন তাকে ‘দেখে নেওয়ার' হুমকি দিয়েছিলেন।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)