৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

জুন মাসে বিজিবির জব্দ তালিকায় সোনা, মাদক, মর্টার শেল

মাদক পাচার এবং চোরাচালানে জড়িত থাকার অভিযোগে এক মাসে ১৮৩ জনকে গ্রেপ্তার করেছে এ বাহিনী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2023, 03:55 PM

Updated : 02 Jul 2023, 04:35 PM

গত জুন মাসে দেশের সীমান্ত এলাকাগুলোতে অভিযান চালিয়ে সাড়ে ১৪ লাখের বেশি ইয়াবা জব্দের কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি; চোরাই পণ্যের তালিকায় আরও আছে ক্রিস্টাল মেথ, মর্টার শেল, পেট্রোল বোমা তৈরির পাউডার এবং সোনা ও রুপা।

রোববার এক বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, বিভিন্ন ধরনের মাদক পাচার এবং চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৮৩ জনকে গ্রেপ্তার করেছে তারা।

এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৮৫ জন বাংলাদেশি নাগরিক, ৫ জন ভারতীয় নাগরিক এবং ৩৭ জন মিয়ানমারের নাগরিককে আটক করে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুন মাসের অভিযানে ১৪ লাখ ৬১ হাজার ১৬টি ইয়াবা, ৭ কেজি ৩৯০ গ্রাম ক্রিস্টাল মেথ, ২৬ কেজি হেরোইন ছাড়াও ১৫ হাজার ৩৭৪ বোতল ফেনসিডিল, ১৬ হাজার ৭৯৩ বোতল বিদেশি মদ উদ্ধার এবং এক হাজার ৭৫৮ কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি।

এছাড়া প্রচুর পরিমাণে বিড়ি ও সিগারেট, নেশাজাতীয় ট্যাবলেট ও ৪ বোতল লাইসার্জিক এসিড ডাইইথাইলঅ্যামাইড (এলএসডি) জব্দ করা হয়েছে।

উদ্ধার করা অস্ত্র-গোলাবারুদের মধ্যে একটি মর্টার শেল, ১০ কেজি পেট্রোল বোমা তৈরির পাউডার ছাড়াও রয়েছে একটি পিস্তল এবং ১৬ রাউন্ড গুলি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাসজুড়ে চলা অভিযানে বিজিবির হাতে এসেছে ১১ কেজি ২২৮ গ্রাম সোনা এবং ১৪ কেজি ২০০ গ্রাম রুপা।

জব্দ হওয়া চোরাচালান পণ্যের মধ্যে আরও রয়েছে, প্রসাধনী সামগ্রী, ইমিটেশনের গয়না, ২২ হাজার ৩২০টি শাড়ি, ২ হাজার ৬৫৮টি থ্রিপিস, লেহেঙ্গা, শার্টপিস, চাদর, কম্বল, তৈরি পোশাক, ২ হাজার ৫২৬ ঘনফুট কাঠ, ৮ হাজার ৮২৯ কেজি চা পাতা, ২২ হাজার ৫০ কেজি কয়লা, এক হাজার ৯১৭ কেজি কারেন্ট জাল, ২টি কষ্টি পাথরের মূর্তি এবং ৬০ কেজি কচ্ছপের হাড়।

অভিযানে ৬টি ট্রাক, ১৪টি পিকআপ, ২টি বাস, ৩টি প্রাইভেটকার ও মাইক্রোবাস, ১৮টি অটোরিকশা ও ৮৬টি মোটরসাইকেলও জব্দ করেছে বিজিবি।