পিরোজপুর, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর যুদ্ধাপরাধের অধিকতর তদন্তে ট্রাইব্যুনালের তদন্তদল আবরো পিরোজপুর গেছে।
শনিবার কমিটির সদস্যরা জেলার বিভিন্ন হত্যা ও অগ্নিসংযোগের স্থান এবং কয়েকটি বধ্যভূমি পরিদর্শন করেন।
ঢাকা থেকে তদন্তদলের সদস্যরা শুক্রবার পিরোজপুর সার্কিট হাউজে আসেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তদল এ নিয়ে ছয়বার পিরোজপুর এলো।
চার সদস্যের তদন্তদলের নেতৃত্ব দিচ্ছেন প্রসিকিউটর অ্যাডভোকেট আলতাফ উদ্দিন আহম্মেদ। অপর সদস্যরা হলেন প্রসিকিউটর অ্যাডভোকেট সাইফুল ইসলাম, তদন্ত কর্মকর্তা শাহজাহান কবির ও হরি দেবনাথ।
তদন্তদলের প্রধান আলতাফ উদ্দিন আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামলার স্বার্থে প্রয়োজনে আমরা আবারো এ জেলা পরিদর্শন করব।"
তদন্তের স্বার্থে জেলার সাংবাদিকদের তথ্য-উপাত্ত ও সহযোগিতা তাদের খুবই প্রয়োজন বলে জানান তিনি।
তদন্ত কর্মকর্তা আরো জানান, শনিবার তারা সাঈদীর নিজ উপজেলা পাড়েরহাট বন্দরের রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে সাঈদীর বিরুদ্ধে দায়ের করা মামলার দুই বাদীর সঙ্গে কথা বলেছেন।
পরে তারা পাড়েরহাট বন্দর, উমেদপুর, মাছিমপুরের মণ্ডলপাড়া, ধোপাবাড়ি, সাঈদী ফাউন্ডেশন সংলগ্ন বিভিন্ন এলাকা, বলেশ্বর নদীঘাটের বধ্যভূমি, ভাগিরথী চত্বর, সরকারি বালক উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।
তদন্তদলের সঙ্গে এলাকার লোকজন ছাড়াও স্থানীয় সাংবাদিকরা ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০০ ঘ.
bdnews24