‘বিতর্কিত’ অডিও ছড়িয়ে পড়ার পর ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার
তাকে থানা থেকে সরিয়ে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পর আলোচনার মধ্যে ঢাকার ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল হাসানকে প্রত্যাহার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক আদেশে বৃহস্পতিবার তাকে থানা থেকে সরিয়ে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়।
আদেশে ওসি রাকিবুলকে ‘প্রশাসনিক কারণে’ প্রত্যাহারের কথা বলা হয়েছে।
সম্প্রতি একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে ওসি পরিচয়ে একজনকে সরকার, প্রশাসন, সেনাবাহিনী এবং পুলিশের সমালোচনা করতে শোনা যায়।
ওসি রাকিবুলের নামে প্রচার করা ওই অডিওটিতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, “রাস্তায় থাকা পুলিশ খুবই দুর্বল। শেখ হাসিনা যদি ডিসেম্বরে ফিরে আসে, তবে তারা কিছুই করতে পারবে না।”
ওই ব্যক্তি অডিওতে দাবি করেন, “পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিএনপির দিকে ঝুঁকছেন, অথচ মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা তা করছেন না।”
পুলিশের পদায়নে ঘুষ লেনদেনের অভিযোগ নিয়েও কথা বলতে শোনা যায়।
ওসি রাকিবুলের নামে ছড়িয়ে পড়া অডিওটি তারই কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি। তবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি খতিয়ে দেখার কথা বলেছেন ডিএমপির ঊর্দ্ধতন এক কর্মকর্তা।
