১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ঋণের টাকা নিয়ে কলহে গৃহবধূ খুন, স্বামী গ্রেপ্তার

র‌্যাব বলছে, ঋণের টাকা নিয়ে ঝগড়ার জেরে স্ত্রীকে হত্যা করে পালিয়ে যান পলাশ।

ঋণের টাকা নিয়ে কলহে গৃহবধূ খুন, স্বামী গ্রেপ্তার

গ্রেপ্তার পলাশ প্রামাণিক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2023, 04:07 PM

Updated : 02 Jul 2023, 04:07 PM

সিরাজগঞ্জের শাহজাদপুরে ঋণের টাকা নিয়ে কলহের জেরে এক গৃহবধূকে মারধর ও শ্বাসরোধে হত্যার অভিযোগে তার স্বামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

ঢাকার দারুস সালাম এলাকা থেকে শনিবার রাত ১টার দিকে তাকে গ্রেপ্তারের খবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব-১।

গ্রেপ্তার পলাশ প্রামাণিকের (৪৪) বাড়ি শাহজাদপুরে। ১২ দিন আগে তার স্ত্রী লাশ উদ্ধারের পর থেকেই তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর তাকে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, এলাকার বিভিন্নজনের পাশাপাশি কিছু এনজিওর কাছ থেকেও বিপুল পরিমাণ ঋণ নেন পলাশ। তাকে না পেয়ে সেই টাকা তার স্ত্রী আনিজা খাতুনের কাছে চাইতেন পাওনাদারেরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “গত ১৯ জুন সকাল সাড়ে ৯টার দিকে পাওনাদারেরা পলাশের কাছে টাকা চেয়ে না পাওয়ায় গালিগালাজ করে চলে যান। বিষয়টি নিয়ে বিকালে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে বাদানুবাদ হয়। এরপর সন্ধ্যায় তাদের বড় ছেলে শান্ত বাড়িতে এসে বাইরে থেকে ঘরে তালা লাগানো দেখতে পান।

“ডাকাডাকি করে আনিজাকে না পেয়ে ছেলে শান্ত তার চাচা ইমরানকে ডেকে আনেন। এরপর ঘরের তালা ভেঙে ভেতরে আনিজার গলায় ওড়না পেঁচানো মরদেহ দেখতে পান। তার কপালে আঘাতের চিহ্নও ছিল।”

ওই ঘটনায় আনিজার ভাই মো. আসিফ হোসেন শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলাশ হত্যাকাণ্ডের সঙ্গে ‘জড়িত থাকার স্বীকার করেছে’ জানিয়ে র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, “হত্যাকাণ্ডের দিন বিকালে ঋণের টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। সেসময় ঘরের ভেতর আনিজাকে মারপিট করে একপর্যায়ে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করেন পলাশ। পরে বাইরে থেকে ঘরের দরজায় তালা মেরে পালিয়ে যান।”