ঢাকায় সড়ক-রেলপথে এক দিনে প্রাণ গেল তিনজনের
ট্রেনে কাটা পড়া কিশোরের পরিচয় সন্ধ্যা পর্যন্ত নিশ্চিত হতে পারেনি রেল পুলিশ।
ঢাকায় সাড়ে ৪ ঘণ্টার মধ্যে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে; আর এ সময় ট্রেনে কাটা পড়ে প্রাণহানি হয়েছে এক কিশোরের।
সোমবার দুপুর ১টার দিকে শাহ আলী থানা এলাকায় মোটরসাইকের চালক তৌফিক ইমাম জনি (৩৯) কভার্ড ভ্যানের ধাক্কায় ছিটকে পড়ে মারা যান। ছয় বছর বয়সের শিশুকন্যাকে স্কুল থেকে নিয়ে বাসায় ফেরার পথে তিনি ওই দুর্ঘটনায় পড়েন।
তবে মোটরসাইকেলে শিশুটি থাকলেও তার কিছু হয়নি বলে জানান শাহ আলী থানার ওসি আমিনুল ইসলাম।
ওই শিশুর স্কুল মিরপুর মাজার রোডে উল্লেখ করে ওসি বিডিনিউজ টোন্টিফোরডটকমকে জানান, স্কুল ছুটির পর জনি তার সন্তানকে নিয়ে মিরপুর ২ নম্বর সেকশনের বাসায় ফিরছিলেন।
“ফেরার সময় একটি কভার্ড ভ্যান তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়েন। তবে তার সন্তানের কিছু হয়নি।”
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বলে জানান ওসি আমিনুল।
“কভার্ড ভ্যানটিকে ফেলে চালক পালিয়ে গেছে। নিহত জনি একজন মুদি ব্যবসায়ী। শাহ আলীবাগে তার একটি মুদির দোকান রয়েছে।”
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে মেয়ের বাসা থেকে নিজের বাড়ি ফেরার সময় জুরাইন বাসস্ট্যান্ড এলাকায় বাস চাপায় মারা যান রিয়াজউদ্দিন নামের এক বৃদ্ধ। এ সময় তার স্ত্রী হালিমা আক্তার পাশে ছিলেন। তারা লেগুনার জন্য অপেক্ষা করছিলেন বলে জানান জামাতা আল আমিন।
নিহত রিয়াজউদ্দিনের বাড়ি নরসিংদীর মাধবদীতে, তার বয়স ৬৫ বছর।
শ্যামপুর থানার পরিদর্শক (তদন্ত) সিহাব উদ্দিন জানান, দুর্ঘটনার জন্য দায়ী বাসটিকে জব্দের পাশাপাশি চালককে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য রিয়াজউদ্দিনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
সকাল সাড়ে ৮টার দিকে বনানীতে ট্রেনের ধাক্কায় ১২-১৩ বছর বয়সী অচেনা এক কিশোর মারা গেছে।
কমলাপুর রেলওয়ে থানার এসআই রিয়াজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চলন্ত ট্রেনের ধাক্কায় ওই কিশোর ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়।
কিশোরের পরনে বেগুনি রঙের লুঙ্গি, নীল রঙের পাঞ্জাবি ছিল জানিয়ে এসআই রিয়াজ বলেন, “সন্ধ্যা পর্যন্ত কিশোরটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার খোঁজে কেউ আসেওনি।”
