Published : 15 Oct 2023, 11:42 PM
দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা, স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ নির্বাচনী মালামাল সংরক্ষণে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে বলেছে নির্বাচন কমিশন।
সংস্থাটি নিজেদের আঞ্চলিক, জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয়ের নিরাপত্তা জোরদারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগে চিঠি দিয়েছে।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, “ইতোমধ্যে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হছে। যেহেতু নির্বাচনী মালামালগুলো স্থানীয়ভাবে নির্বাচন অফিসে রাখা হবে, সেক্ষেত্রে নিরাপত্তা জোরদার করাও প্রয়োজন। নির্বাচন সামনে রেখে এটা রুটিন কাজ।”
ডিসেম্বরের শেষ সপ্তাহে বা জানুয়ারির প্রথম সপ্তাহে সংসদ নির্বাচন হবে। এ লক্ষ্যে নভেম্বরে তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে। তফসিল ঘোষণার আগেই সব ধরনের নির্বাচনী মালামাল কেনাকাটা, মুদ্রণসহ সংগ্রহ শেষ ধাপে রয়েছে। তফসিলের পর প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর ব্যালট পেপার মুদ্রণ হবে।
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ৭ অক্টোবর আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় মাঠ পর্যায়ে নির্বাচন অফিসের নিরাপত্তা জোরদারের দাবি জানান কর্মকর্তারাও।
শনিবার বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে শান্তিপূর্ণ নির্বাচনে করণীয় বিষয়ে দিক নির্দেশনা দেয় ইসি। এ ধারাবাহিকতায় ভোট প্রস্তুতির মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হল।
সেখানে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছে। নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা, ব্যালট বাক্স, ব্যালট পেপার ও বিভিন্ন প্রকারের অতি গুরুত্বপূর্ণ নির্বাচনি মালামাল নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ের ১০টি আঞ্চলিক নির্বাচন অফিস, প্রতিটি জেলা নির্বাচন অফিস, প্রত্যেক উপজেলায় উপজেলা নির্বাচন অফিস এবং মেট্রোপলিটন এলাকায় থানা নির্বাচন অফিসগুলোয় সংরক্ষণ করা হবে।
“জাতীয় নির্বাচনের আগে এসব অফিসের নিরাপত্তা হুমকির মধ্যে পড়তে পারে এমন আশঙ্কার মধ্যে জনস্বার্থে ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অগ্রাধিকার দিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ের এসব অফিসের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ জরুরি।”
বিবদমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দলগুলোয় সংলাপ সমঝোতার তাগিদ এসেছে বিভিন্ন মহল থেকে।
দ্বাদশ জাতীয় নির্বাচন ‘অংশগ্রহণমূলক ও সংঘাতহীনভাবে’ আয়োজনে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রধান নির্বাচনী বিষয়গুলো নিয়ে খোলামেলা ও অর্থবহ আলোচনার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল।
বাংলাদেশে নির্বাচন আয়োজনের প্রস্তুতি পর্যবেক্ষণ এবং বিভিন্ন দলের সঙ্গে বৈঠকের পর রোববার এক বিবৃতিতে মোট পাঁচ দফা সুপারিশ করেছে তারা।
আরও পড়ুন
পুরানো খবর:
আমাদের চেষ্টায় কোনো ঘাটতি থাকবে না: সিইসিপুরানো খবর:
কেবল তফসিল ঘোষণা বাকি: নির্বাচন কমিশনার